
নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে অন্তত ৫৫টি ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কামারকুড়ি গ্রামের ব্যবসায়ী আলহাজ সহিদুল ইসলাম এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে মান্দা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত আক্তার হামিদ সোনারের ছেলে মতিউর রহমান (৩২) ও দেলোয়ার হোসেন (৩৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারকুড়ি মৌজার ১৫৯ নম্বর খতিয়ানের ৭৩২ দাগের ২০ শতাংশ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি কেনার পর থেকে সহিদুল ইসলাম ভোগদখলে আছেন। এ অবস্থায় ওই জমিতে তিনি ইউক্যালিপটাসসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
অভিযোগে বলা হয়েছে, বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরে ওই জমির একপাশ দিয়ে জোরপূর্বক রাস্তা বের করার চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে জমিতে রোপণ করা অন্তত ৫৫টি ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়। এর আগেও একই ধরনের ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, ‘বিবাদীরা আমার কেনা জমির দাতা বা গ্রহীতা কোনোটিই নয়। তাঁরা অন্যায়ভাবে আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার দাবি করে আসছে। রাস্তা না দেওয়ায় তাঁরা বিভিন্ন সময় আমার ওপর অত্যাচার করছে। ইতিপূর্বেও তাঁরা রাতের অন্ধকারে আমার দোকানঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করার চেষ্টা করেছিল। ব্যর্থ হয়ে এবার তাঁরা আমার রোপণ করা গাছগুলো কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’
সহিদুল ইসলাম আরও বলেন, ‘বিবাদীপক্ষ এই জমি নিয়ে নওগাঁ আদালতে ৪টি মামলা করেন। এর মধ্যে ৩টিতেই আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। একটি মামলা চলমান।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিউর রহমান গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই জমিতে রোপণ করা গাছ কে বা কারা কেটে ফেলেছে, তা আমি জানি না। ওই জমি নিয়ে নওগাঁ আমলি আদালতে একটি মামলাও চলছে। আমরা কোনো গাছ কাটিনি।’
মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হেলিপোর্ট পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মিরাজ (৭) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে