Ajker Patrika

হত্যাকাণ্ডের শিকার ইবি শিক্ষিকার পরিবারকে শিক্ষকদের এক দিনের বেতন দেওয়ার উদ্যোগ

ইবি সংবাদদাতা
হত্যাকাণ্ডের শিকার ইবি শিক্ষিকার পরিবারকে শিক্ষকদের এক দিনের বেতন দেওয়ার উদ্যোগ
নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা। ছবি: আজকের পত্রিকা

নির্মম হত্যাকাণ্ডের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে শিক্ষকদের সম্মতি জানতে প্রতিটি বিভাগের সভাপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান তাঁদের চার সন্তানের লালন-পালনের জন্য আর্থিক সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের কাছে আবেদন করেছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া পরিষদের সভাপতি শিক্ষকদের এক দিনের বেতন দেওয়ার উদ্যোগ গ্রহণের আগে প্রত্যেক শিক্ষকের সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। এ কারণে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে অবহিত করতে আবেদনপত্র সংযুক্ত করে বিভাগীয় সভাপতিদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের মতামত ও সম্মতি সংগ্রহ করে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান পরিবারের জন্য আর্থিক সহায়তা চেয়ে একটি আবেদন করেন। আবেদনে ইমতিয়াজ সুলতান বলেন, ‘গত ৪ মার্চ আমার স্ত্রী আসমা সাদিয়া রুনা কর্মরত অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তাঁর মৃত্যুর পর আমাদের চার সন্তানকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমি নিজেও প্রকল্পভিত্তিক নিয়োগে থাকায় গত পাঁচ বছর ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছি না। ফলে সন্তানদের লালন-পালন ও শিক্ষা ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসংস্থানের সুযোগ এবং শিক্ষকদের আর্থিক সহযোগিতা পেলে আমার তিন কন্যা ও এক পুত্রসন্তানের ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, এর আগে গণিত বিভাগের শিক্ষক আ. মালেক মুনওয়ার হোসেনের আকস্মিক মৃত্যুর পর তাঁর পরিবারের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতন প্রদান করার নজির রয়েছে। তবে কোনো শিক্ষকের পূর্বসম্মতি ছাড়া বেতন কর্তন আইনসম্মত নয়। তাই এ উদ্যোগ বাস্তবায়নের আগে বিভাগীয় সভাপতিদের মাধ্যমে প্রত্যেক শিক্ষকের সম্মতি গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, প্রত্যেক বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিভাগগুলো থেকে যদি ইতিবাচক মতামত পাওয়া গেলে শিক্ষকদের এক দিনের বেতন কর্তন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত