Ajker Patrika

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: আরও ৭ কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: আরও ৭ কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি
পুড়ে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করা কিছু আলামত পর্যবেক্ষণ করা হচ্ছে। গত শুক্রবারের ছবি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

আজ রোববার বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানে তদন্তের স্বার্থে সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে বিলম্ব হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটির প্রধান করা হয় আহমেদ মাহবুব-উল-ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ এনে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত