
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। তবে যিনি সীমানাপ্রাচীর নির্মাণ করছিলেন, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম দাবি করেছেন, রাস্তার পাশের ২৫ শতাংশ জমি তাঁর। সেখানে স্টল নির্মাণের জন্য তিনি সীমানাপ্রাচীর দিচ্ছিলেন। জমিটি খাসজমি নয় বলেও দাবি করেন তিনি।
স্থানীয়দের কাছে জায়গাটির বিশেষ গুরুত্ব হলো, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। একই স্থানে একটি নিমগাছও রোপণ করেন তিনি। পরে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেখানে বিশ্ববিদ্যালয়টি আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে সেই নিমগাছটি বেশ বড় হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ও নিমগাছ-সংলগ্ন স্থানটি খাসজমির আওতাধীন। তাঁদের অভিযোগ, ওই স্মৃতিবিজড়িত স্থান থেকে মাত্র ১৫-২০ ফুটের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হচ্ছিল।
আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরটি অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। তবে নিমগাছটি রয়েছে। এর পাশেই বড় বড় গর্ত করে সীমানাপ্রাচীর নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের মধ্যে ইট ও বালুর স্তূপও দেখা যায়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লিটু বলেন, নগরের ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পুল বাজারের পেছনে নাসির মডেল টাউনসংলগ্ন ডেফুলিয়া মৌজায় প্রায় ১৭ একর খাসজমি রয়েছে। ওই জমির একটি অংশে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। শুক্রবার বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাসির উদ্দিন বলেন, ওই এলাকায় ২০ থেকে ২৫ শতাংশ জমিতে স্টল নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। সেখানে থাকা নিমগাছটিও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা ওই স্থানে সীমানাপ্রাচীর নির্মাণ করতে দেবেন না।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন, পরিকল্পনা বা অনুমোদনের বাইরে স্থাপনা নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা জমিটি খাস বলে জানিয়েছেন। এ নিয়ে সেখানে উত্তেজনাও তৈরি হয়েছিল। এ কারণে কাজ বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে জমির কাগজপত্র দেখাতে বলা হয়েছে। তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রস্তাবিত ২০টি খেলার মাঠের মধ্যে ডেফুলিয়াতেও একটি মাঠ করার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি বিসিসির প্রশাসক বিলকিস জাহান শিরীন ডেফুলিয়ায় গিয়ে খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ওই স্থান পরিদর্শন করেন। সেখানে একটি খেলার মাঠ ও আধুনিক হাসপাতাল করার প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে বিলকিস জাহান শিরীন বলেন, ডেফুলিয়ায় স্থাপনা নির্মাণ নিয়ে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, তাঁর জমি খাস নয়। সিটি করপোরেশনের কর্মীদের নির্দেশে তিনি আপাতত কাজ বন্ধ রেখেছেন। কাল রোববার জমির কাগজপত্র দেখাবেন বলে জানান তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী শহরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে