
ঢাকার কামরাঙ্গীরচরে নূর-এ-আলম (৫৭) নামের এক কাপড়ের প্রিন্টিং ব্যবসায়ীকে হত্যা করে তাঁরই কারখানার কর্মচারীরা। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে কারখানার ভেতরেই মাটিচাপা দেওয়া হয়।
গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, নূর-এ-আলম কারখানার মালিক। ওই কারখানার এক কর্মচারী মিরাজ। তিনি ওই কারখানায় থাকেন। মিরাজ গত বৃহস্পতিবার দিবাগত রাতে আরও তিনজন বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে মালিক নূর আলম টের পেয়ে তাদের বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে একজন আলমকে হাতুড়ি দিয়ে আঘাত করেন এবং আরেকজন তাঁর বুকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই নূর-এ-আলমের মৃত্যু হয়। এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে ফ্যাক্টরির মাটির নিচে প্রায় দুই ফুট গভীর গর্ত খুঁড়ে তা পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয়।
নূর-এ-আলমের জামাতা আতাউল্লাহ খান সজীব বলেন, কামরাঙ্গীরচরের হাসান নগরে এক বছর আগে ফ্যাক্টরি স্থাপন করেন আলম। সেখানেই তিনি থাকতেন, আর তাঁর পরিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে থাকে।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ শুক্রবার ভোর রাতে নূর-এ-আলমকে হত্যা করা হয়। শুক্রবার সকালে তাঁর গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভোররাতে তাঁকে হত্যা করা হয়। ঘটনার সময় আলমের ফোন থেকে রাত ৪টা ৩৫ মিনিটে তাঁর স্ত্রীর ফোনে একটি কল যায়। কল রিসিভ করার পর কোনো কথা না বললেও ওপাশ থেকে চিৎকার শোনা যায়। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়।
পরের দিন সকালে নূর-এ-আলম বাড়িতে না ফেরায় পরিবার থানায় অভিযোগ করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ফোনকল এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে মিরাজ এবং তাঁর দুই সঙ্গীকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পুরো বিবরণ জানা যায়। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৬ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৬ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৬ ঘণ্টা আগে