Ajker Patrika

ফ্রিজের পেছনে মাটি জমিয়েছিল ইঁদুর, সরাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

পিরোজপুর প্রতিনিধি
ফ্রিজের পেছনে মাটি জমিয়েছিল ইঁদুর, সরাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নরোত্তম নিজ ঘরের ফ্রিজের পেছনে জমে থাকা ইঁদুরের তোলা মাটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় স্বজনদের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শিমুল কৌশিক সাহা জানান, বেলা ১১টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত