Ajker Patrika

জ্বর নিয়ে হাসপাতালে ছিলেন ৫ দিন, মৃত্যুর পর শনাক্ত হলো ডেঙ্গু

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২১: ২০
জ্বর নিয়ে হাসপাতালে ছিলেন ৫ দিন, মৃত্যুর পর শনাক্ত হলো ডেঙ্গু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডেঙ্গু আক্রান্ত নাসরিন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যুকে ঘিরে হাসপাতালসংশ্লিষ্টদের অবহেলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জ্বর নিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবার তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট হাতে পায়।

আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ওই নারীর মৃত্যু হয়।

মারা যাওয়া নারী নাসরিন সুলতানা (৩০) ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। তিনি দুই পুত্রসন্তানের জননী।

নাসরিনের স্বামী মিরাজ শেখ জানান, গত রোববার জ্বরে আক্রান্ত হলে তাঁর স্ত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করতে দেওয়া হয়নি। পরে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় প্রাথমিকভাবে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ১৮ আগস্ট তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিরাজ শেখ অভিযোগ করে বলেন, ‘আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত। ডেঙ্গু জানার পরে দ্রুত ফরিদপুর মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, সেখানে মারা যাওয়ার পরে পজিটিভের রিপোর্ট হাতে পেয়েছি।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি সময়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১৬৩ জন। এর মধ্যে একজন নারী মারা গেছেন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন—এতটুকু জানি। তাঁর সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে অবগত নই। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত