
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আহত এক যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলে ঘটনাস্থলে পিকনিক করতে গিয়েছিলেন। সেখানে বোমা হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি এলাকার মো. জিহাদ ও আল-আমিন। এ ছাড়া আহত হন সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড গ্রামের মো. শুভ (২২), চরবাগডাঙ্গা গ্রামের মিনহাজ উদ্দিন (৩০) ও বজলুর রহমান (২০)।
আজ শনিবার ভোরে ফাটাপাড়া গ্রামের কালাম আলীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে টিনশেড বাড়িটির ইটের প্রাচীর ভেঙে যায়। চালার টিন উড়ে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই জিহাদ ও আল-আমিন নিহত হন। এই ঘটনায় আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তিনটি ওয়ার্ডে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘তিনজনেরই মুখমণ্ডল ঝলসে গেছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনটি ওয়ার্ডে রেখে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
দুপুরে রামেক হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত তিনজনেরই মুখমণ্ডল ঝলসে গেছে। তাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই। ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন শুভর মা ফৌজিয়া খাতুনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর ছেলে ট্রাক্টর চালান এবং নির্মাণশ্রমিকের কাজ করেন। পিকনিক আছে জানিয়ে রাত ১০টার দিকে শুভ বাড়ি থেকে বের হন। প্রথমে শরীর খারাপ বলে বের হতে না চাইলেও বারবার ফোন আসার কারণে শুভ যান।
ফৌজিয়া খাতুন বলেন, পিকনিকে বোমা হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। শুভকে হাসপাতালে নেওয়ার পর তিনি খবর পান। এরপর হাসপাতালে আসেন। বিস্তারিত জানেন না।
ঘটনাস্থল থেকে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘এই বাড়িতে কোনো পিকনিক ছিল না। এটা কোনো পিকনিকে হামলা নয়। তাঁরা বোমা তৈরি করছিলেন। তখন বিস্ফোরণ হয়েছে। এতে প্রাচীর ভেঙে গেছে। ঘরের টিন উড়ে গেছে। এমন শক্তিশালী বিস্ফোরণ বোমা তৈরির সময় হয়।’
ডিআইজি শাহজাহান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর ভেতরে দুটি লাশ পাওয়া যায়। আর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহের কাজ করছেন। তিনি আরও বলেন, ‘বাড়িতে ছোট ছোট সব ঘর। দেখে মনে হচ্ছে, বাড়ির মালিকের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়ির মালিককে এখনো পাওয়া যায়নি। এসব বিষয় নিয়ে তদন্ত চলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকার অনেকেই বোমা তৈরি করেন। তাঁরা ককটেলের কারিগর ও বোমারু হিসেবে পরিচিত। গভীর রাতে কয়েকজন মিলে এসব তৈরি করে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী টাকার বিনিময়ে তাঁরা বোমা তৈরি করেন। তাঁরা নির্দিষ্ট কোনো দলের কর্মী নন। তবে বাড়ির মালিক কালাম আওয়ামী লীগের সমর্থক।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে সদ্য পরাজিত বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এ সময় তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, রাজনৈতিক সহিংসতা করতে জামায়াত ও আওয়ামী লীগ একসঙ্গে বোমা তৈরি করছে। এ সময় সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলীকে তাঁর পাশেই দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে আসন্ন সরকারের কাছে উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ মিনিট আগে
নবনির্বাচিত সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত নেতা মিজানুর রহমান কালামকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বহিষ্কার করা হয়েছে।
১২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. মিজান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার পাছগুচি ইউনিয়নের ভেলুঘাট গ্রামের বাচ্চু ঘটকের ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
জাতীয় নির্বাচন ও গণভোট শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যাত্রী ও যানবাহন ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে তাদের গন্তব্যে চলে যাচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার...
৩৪ মিনিট আগে