
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী ইতি (১৮) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে লাপাত্তা রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়ার কথা বলে গতকাল শুক্রবার রাতেই হাসপাতাল ছাড়লেও এখন পর্যন্ত তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। বাড়িতেও ফেরেননি। এদিকে আজ শনিবার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইতি রূপসা বহুমুখী বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের সৎবোন। গত জুন মাসের শেষ দিকে সোহেল নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। গত ২ জুলাই তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এর এক দিন পরই গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরের রূপসা বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ইতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তাঁর বাঁ হাঁটুর চামড়া ভেদ করে বেরিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় বাড়িতে ইতির তিন বন্ধু ও এক ভাবি উপস্থিত ছিলেন।
প্রাথমিক চিকিৎসা শেষে একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার কথা বলে ইতি হাসপাতাল ত্যাগ করেন। তবে শনিবার সংশ্লিষ্ট হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানে ভর্তি হননি। এরপর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে কাউকে পায়নি। সকালে ও দুপুরে দুই দফা বাড়িতে গেলেও মূল ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং ভেতর থেকেও কোনো সাড়া মেলেনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সুজিত আহমেদ বলেন, ‘রোগী যদি স্বেচ্ছায় অন্যত্র চিকিৎসা নিতে চান, সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। ইতির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ছিল না।’
খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ইতির ভাবি ও তাঁর তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঘরের ভেতরে পাঁচজন অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয়জন এসে ইতিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শফিকুল ইসলাম আরও বলেন, পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে মামলা করার কথা রয়েছে। যদি তাঁরা মামলা না করেন, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
আরও পড়ুন:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় সেলাই মেশিনগুলো...
৯ মিনিট আগে
সিলেটে শনিবার চলতি বছরের সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত আর্দ্রতায় ভ্যাপসা গরম আরও অতিষ্ঠ করে ফেলেছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দিনমজুর, রিকশাচালক ও কুলি-শ্রমিকেরা।
২০ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ জুলাই) বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে এই মিছিল বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
২৫ মিনিট আগে
ভোলার দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দৌলতখান উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মঞ্জুর আলম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ডিউটি অফিসার...
২৮ মিনিট আগে