
পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. রহমানের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের মৃত নুরু মোহাম্মদ মুন্সির স্ত্রী মোসা. সেতারা বেগমের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সেতারা বেগম অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এরপর রোগীকে বরিশালে নেওয়ার জন্য সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসেন। রোগীর স্বজনদের দাবি, ভাড়া হিসেবে তিনি প্রথমে ৩ হাজার ৫০০ টাকা চান। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁরা বিষয়টি নিয়ে আর আলোচনা না করে যাত্রা শুরু করেন।
পথিমধ্যে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় রোগীর মৃত্যু হয়। পরে একই অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফিরে আসেন স্বজনেরা। তাঁদের অভিযোগ, বাড়িতে পৌঁছে চালক সাত হাজার টাকা দাবি করেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ৬ হাজার ৫০০ টাকা দিতে হয়।
নিহতের স্বজন মো. সুমন মুন্সি বলেন, ‘রোগীর অবস্থা গুরুতর থাকায় চালক যে ভাড়া চেয়েছিলেন, তা নিয়ে তখন আর আপত্তি করিনি। পরে জানতে পারি, দশমিনা থেকে বরিশাল পর্যন্ত সরকারি অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়া মাত্র ২ হাজার টাকা। অথচ আমরা বরিশাল পর্যন্ত পৌঁছাতেও পারিনি। এরপরও আমাদের কাছ থেকে জোর করে ৬ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন অ্যাম্বুলেন্সচালক মো. রহমান। তিনি বলেন, ‘আমি রোগী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দিই। বাকেরগঞ্জে পৌঁছানোর পর রোগীর মৃত্যু হলে মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরে আসি। আমি অতিরিক্ত ভাড়া দাবি করিনি। তাঁরা নিজেরাই টাকা দিয়েছেন। পরে দেখি আমাকে ৬ হাজার ৫০০ টাকা দিয়েছেন। এর মধ্যে সরকারি হিসাবে ২ হাজার টাকা জমা দিয়েছি, বাকি টাকা আমার কাছে রয়েছে।’
এ সময় অতিরিক্ত অর্থ রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝেমধ্যে নিজের টাকা দিয়ে জ্বালানি কিনতে হয় এবং টোল দিতে হয়।’
দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দশমিনা থেকে পটুয়াখালীর সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া ১ হাজার ৬০০ টাকা এবং বরিশাল পর্যন্ত ২ হাজার টাকা নির্ধারিত। এর বেশি ভাড়া আদায়ের বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মাদ খলিলুর রহমান বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান নেই। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোছা. প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর..
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
১ ঘণ্টা আগে