
ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্তঘেঁষা নদ-নদী দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, তৈরি হয়েছে জলাবদ্ধতা।
আজ সোমবার সকালে কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খারনই, রংছাতি ও লেঙ্গুরা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত মহাদেও, গণেশ্বরী ও মংলেশ্বরী নদী দিয়ে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুতগতিতে প্রবেশ করছে। এতে ইউনিয়নগুলোর অন্তত ৪০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে।
খারনই ইউনিয়ন থেকে কলমাকান্দা উপজেলা সদরে যাওয়ার প্রধান সড়ক প্রায় ২০টি স্থানে পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। পানির স্রোতে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাত থেকে হঠাৎ করেই সীমান্তবর্তী নদীগুলো দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। রাতারাতি বিভিন্ন এলাকায় পানি ছড়িয়ে পড়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
খারনই ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, `গভীর রাত থেকে মংলেশ্বরী নদ ও কয়েকটি নালা দিয়ে প্রচণ্ড বেগে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে। অনেক গ্রামের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, কোথাও কোথাও বাড়িঘরের ভেতর দিয়েও পানি যাচ্ছে। কলমাকান্দা শহরে যাওয়ার প্রধান সড়কসহ প্রায় সব রাস্তাই তলিয়ে গেছে। পানি ক্রমাগত বাড়ছে এবং অনেক পুকুরের মাছ ভেসে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।'
রংছাতি ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান খান পাঠান বলেন, `মহাদেও নদ দিয়ে রাত থেকেই পানি ঢুকছে। কয়েকটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক পুকুরের পাড় ডুবে গিয়ে মাছ বেরিয়ে গেছে।'
লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া জানান, গণেশ্বরী নদী দিয়ে মেঘালয়ের পানি প্রবেশ করায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় দ্রুত পানি বাড়ছে।
দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্ধঊশান গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, `নেতাই নদীর পানি রাত থেকেই প্রবল বেগে ঢুকছে। আশপাশের পাঁচ-ছয়টি গ্রামের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি এভাবে বাড়তে থাকলে দিনের মধ্যেই বাড়িঘর প্লাবিত হবে।'
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখওয়াত হোসেন বলেন, `অবিরাম ভারী বৃষ্টি ও মেঘালয় থেকে পাহাড়ি ঢল নামায় নেত্রকোনার প্রায় সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কলমাকান্দার উপদাখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও বাড়তে পারে। ফলে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া উজানের নেতাই নদীর পানি বৃদ্ধির কারণে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।'
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ বলেন, `সীমান্তবর্তী নদীগুলো দিয়ে প্রবল বেগে পানি প্রবেশের খবর পেয়ে আমরা প্রশাসনের একটি দল ইতিমধ্যে খারনই ইউনিয়নের বিভিন্ন স্পটে এসেছি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছি। পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে।'

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
২ ঘণ্টা আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
২ ঘণ্টা আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে