Ajker Patrika

চট্টগ্রামে স্কুলবাসের ধাক্কায় ৪ যান ক্ষতিগ্রস্ত, আহত অন্তত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্কুলবাসের ধাক্কায় ৪ যান ক্ষতিগ্রস্ত, আহত অন্তত ৪
স্কুলবাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার দেওয়ানহাট মোড়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশা, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি অটোরিকশাচালক মো. জহিরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, বাসটিকে আটক করা হয়েছে। একই সঙ্গে বাসের হেলপারকেও ধরা হয়েছে। তবে তাঁর নাম জানাননি তিনি। কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসটি আগ্রাবাদের দিকে যাওয়ার সময় সামনে থাকা যানবাহনগুলোকে পেছন থেকে ধাক্কা দিতে শুরু করে। এতে পরপর দুটি সিএনজি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। সিএনজি অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়।

আহত জহিরুল ইসলামের বয়স ৫১ বছর। তিনি পতেঙ্গার মধ্যম পতেঙ্গা এলাকার ইসমাইল সুকুনির বাড়ি মাজার গলির বাসিন্দা। তাঁর বাবার নাম বদিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শী সায়িম চৌধুরী বলেন, আগ্রাবাদের দিকে যাওয়া স্কুলবাসটি দেওয়ানহাট মোড়ে এসে সামনে থাকা গাড়িগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি সিএনজি, একটি কার ও একটি মাইক্রোবাসে আঘাত লাগে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, দেওয়ানহাট এলাকায় দুর্ঘটনায় আহত এক সিএনজি চালককে মেডিকেলে আনা হয়েছে। তাঁকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত