Ajker Patrika

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানের দাবি পরিবারের

সিলেট প্রতিনিধি
ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানের দাবি পরিবারের
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের সন্ধানের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার।

আজ শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তাঁর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জেলিনের মামা আবুল কালাম আজাদ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টারে অবস্থানকালে মো. আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলিনের স্থায়ী বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি, মাঝারি গড়নের এবং ওজন প্রায় ৭০ কেজি।

পরিবার জানায়, তাঁরা সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ড (পিয়াস) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪২৭।

পরিবারের দাবি, নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধের জেরে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ রয়েছে। এ বিষয়ে তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মো. আরিফুল্লাহ জেলিনের সন্ধান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তাঁর মা ফরিদা ইয়াসমীন (০১৭৩৬-৭৪২৭২৪) অথবা মামা আবুল কালাম আজাদ (০১৭১৬-১৪৩৩৭৫)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত