Ajker Patrika

ঢাকায় শুরু দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় শুরু দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা

দেশের তরুণ আলোকচিত্রীদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা অংশ নিয়েছেন।

ফ্রেঞ্চ উইক ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। এতে সহযোগিতা করছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও সিটি ব্যাংক। উৎসবটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী মোট ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা দিয়েছেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের পর এর মধ্যে ৪৪টি আলোকচিত্র নির্বাচিত হয়েছে প্রদর্শনীর জন্য। এ ছাড়া ৫০টি ছবি দেখানো হচ্ছে ডিজিটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে। বিচারকমণ্ডলীতে ছিলেন আলোকচিত্রী রাহুল তালুকদার, সৌদ আল ফয়সাল ও আবীর আবদুল্লাহ।

অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল ২০২৬-এর পরিচালক আবীর আবদুল্লাহ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করা এবং তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করা। আমরা এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা ছবির মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।’

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘সারা দেশ থেকে পাওয়া সাড়া আমাদের আশাবাদী করেছে। একই সঙ্গে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্‌যাপন এবং কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর প্রতি শ্রদ্ধা নিবেদনও এবারের উৎসবের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি, এই উৎসব নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার এবং বাংলাদেশের আলোকচিত্র সম্প্রদায়কে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেদেরিক ইনজা, আলোকচিত্রী শংকর শাওজাল এবং আলোকচিত্রী সৌদ আল ফয়সাল।

বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেদেরিক ইনজা বলেন, ‘আলোকচিত্রকে শিল্পমাধ্যম হিসেবে উদ্‌যাপন এবং ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর মতো কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজন অত্যন্ত আনন্দের। স্ট্রিট ফটোগ্রাফি সাধারণ দৃশ্যকেও একজন আলোকচিত্রীর প্রতিভা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পকর্মে রূপ দেওয়ার সুযোগ করে দেয় এবং আলোকচিত্রের শিল্পকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসে।’

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা পড়াই এই উৎসবের সাফল্যের পরিচয়। তরুণ আলোকচিত্রীদের এমন প্রতিভার বিকাশের সুযোগ তৈরি হওয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই।’

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন বিজয় কৃষ্ণ পাল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন মো. আশিকুর রহমান। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ১০ জন আলোকচিত্রী। তাঁরা হলেন— মুহাইমিনুর রহমান রাকিব, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন শাওন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, মো. লাকিব উর রশিদ, আশরাফুল সরকার কিবরিয়া, মুস্তাভি ফাইয়াজ তাওফি ও তাসিফ আনোয়ার।

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে। ছবি: আজকের পত্রিকা

আগামী ২৪ নভেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবারের উৎসবে বিশেষভাবে উদ্‌যাপন করা হচ্ছে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি। পাশাপাশি শ্রদ্ধা জানানো হচ্ছে ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁকে, যিনি স্ট্রিট ফটোগ্রাফির ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। আলোকচিত্রে তাঁর ‘দ্য ডিসাইসিভ মোমেন্ট’ বা ‘নির্ণায়ক মুহূর্ত’ ধারণাটি বিশ্বজুড়ে আলোকচিত্রীদের অনুপ্রাণিত করেছে। দৈনন্দিন জীবনের সাধারণ কোনো দৃশ্যের মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ মুহূর্তকে যথাসময়ে ক্যামেরায় ধরে রাখার মধ্যেই এই ধারণার মূল কথা।

আলিয়ঁস ফ্রঁসেজ জানিয়েছে, ফরাসি আলোকচিত্রের ঐতিহ্যকে বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদের সমকালীন কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও উৎসবের অন্যতম উদ্দেশ্য। স্ট্রিট ফটোগ্রাফি মানুষের প্রতিদিনের জীবন, সামাজিক বাস্তবতা এবং শহরের পরিবর্তনশীল চিত্রকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ আলোকচিত্রীদের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি হবে। একই সঙ্গে তাঁদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের আলোকচিত্রচর্চার বিকাশের নতুন সুযোগ তৈরি হবে।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত