Ajker Patrika

জিজেকের নিবন্ধ: ট্রাম্প হারলেও জেতেনি লিবারেলিজম, সামনে কঠিন লড়াই

আজকের পত্রিকা ডেস্ক­
জিজেকের নিবন্ধ: ট্রাম্প হারলেও জেতেনি লিবারেলিজম, সামনে কঠিন লড়াই
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

একজন দার্শনিক হিসেবে আমার দায়িত্ব হলো, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যে উচ্ছ্বসিত স্বস্তির আবহ তৈরি হয়েছে, তাতে কিছুটা হলেও পানি ঢেলে দেওয়া। হ্যাঁ, প্রথম দৃষ্টিতে মনে হতে পারে—আমরা সবাই জয়ী হয়েছি। শুধু ডোনাল্ড ট্রাম্পের দলই যে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়েছে তা নয়, ট্রাম্প নিজেও পরাজয় মেনে নিয়েছেন এবং কংগ্রেসে দায়িত্ব নিতে যাওয়া নতুন ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। জরুরি অবস্থা জারি কিংবা নির্বাচনের ফলাফল বাতিল করে দেওয়ার মতো পরিস্থিতি থেকেও আমরা রেহাই পেয়েছি, যে আশঙ্কা অনেকের মনেই ছিল।

তারপরও ২০১৬ সালে আমার অবস্থান যা ছিল, তা আজও বদলায়নি। সে বছর এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমি ট্রাম্পকে ভোট দেব। আমার যুক্তি ছিল—লোকটি হয়তো চরম অর্থেই ‘জঘন্য’, কিন্তু তাঁর বিজয় যুক্তরাষ্ট্রে এক ‘বড় ধরনের জাগরণ’ সৃষ্টি করবে। এটি দেশটির রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক ধাক্কা দেবে এবং দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় হয়ে ওঠা রাজনৈতিক পুনর্বিন্যাসের পথ তৈরি করবে। হিলারি ক্লিনটনের চেয়ে আমি ট্রাম্পকে বেশি পছন্দ করেছিলাম। ক্লিনটন ছিলেন কুখ্যাত যুদ্ধবাজ এবং বড় বড় ব্যাংকের সঙ্গে তাঁর ছিল গভীর সম্পর্ক। তবে ট্রাম্প তাঁর চেয়ে ভালো ছিলেন বলে নয়; বরং তাঁর উত্থান যে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম।

আমার এই অবস্থানের কারণে কী নির্মম আক্রমণের মুখে পড়তে হয়েছিল, তা সহজেই অনুমান করা যায়। তারপরও আমার মনে হয়, আমি ভুল ছিলাম না। যদিও সময়ের অনেক আগেই কথাটি বলেছিলাম। আমার নিজস্ব উপলব্ধি হলো—গত এক দশক ধরে ট্রাম্পকে ঘিরে যে প্রবল আবেশ ও আসক্তি তৈরি হয়েছে, তা মনোবিশ্লেষণের ভাষায় তাঁকে এক ধরনের ‘ফেটিশ’ বা পূজার বস্তুতে পরিণত করেছে।

জাক লাকাঁ যেমনটি দেখিয়েছেন, কোনো প্রতারিত স্বামী তাঁর স্ত্রী সম্পর্কে যা দাবি করছেন, তা সত্য হলেও (যেমন—তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন), তাঁর ঈর্ষা তবুও মনস্তাত্ত্বিকভাবে বিকারগ্রস্ত। কারণ, এই ঈর্ষাই হয়ে ওঠে তাঁর মর্যাদা, এমনকি নিজের অস্তিত্বের পরিচয়টুকু ধরে রাখার একমাত্র উপায়।

একইভাবে বলা যায়, ইহুদিদের সম্পর্কে নাৎসিদের দাবিগুলো সত্য হলেও (এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন, সেগুলো সত্য ছিল না), তাদের ইহুদিবিদ্বেষ তবুও মনস্তাত্ত্বিকভাবে বিকারগ্রস্তই থাকত। কারণ, এই বিদ্বেষ তাদের আদর্শিক অবস্থানের প্রকৃত কারণগুলোকে আড়াল করার কাজ করত। জার্মান সমাজকে একটি স্বাভাবিক, রক্ত ও ভূমির বন্ধনে আবদ্ধ, পারস্পরিক সহযোগিতাপূর্ণ এবং সম্প্রীতিময় জনগোষ্ঠী হিসেবে বিশ্বাস করতে চেয়েছিল তারা। কিন্তু সমাজের ভেতরে বিদ্যমান নানা অনস্বীকার্য বিভাজন ও দ্বন্দ্বের ব্যাখ্যা দিতে তাদের প্রয়োজন হয়েছিল একজন বহিরাগত অনুপ্রবেশকারীর। ইহুদিবিদ্বেষীদের কল্পনায় ইহুদিরাই সেই বহিরাগত চরিত্র হয়ে ওঠে, যার ওপর সমাজের যাবতীয় দ্বন্দ্ব ও বৈপরীত্য চাপিয়ে দেওয়া যায়। ফলে একজন ইহুদিবিদ্বেষী মানুষ যখন নির্মম বাস্তবতার মুখোমুখি হয়, তার চোখে সত্য উন্মোচিত হওয়ার ঠিক আগমুহূর্ত পর্যন্ত ইহুদির সেই কাল্পনিক অবয়বই শেষ দৃশ্য হয়ে থাকে।

এই অর্থে, ট্রাম্পের ফেটিশে পরিণত হওয়া ভাবমূর্তি হলো সেই শেষ দৃশ্য—যার মুখোমুখি হওয়ার আগে একজন উদারপন্থী বা লিবারেল শ্রেণির মানুষ শ্রেণিসংগ্রামের বাস্তবতা এড়িয়ে যেতে পারেন। উদারপন্থীরা ট্রাম্পকে নিয়ে মুগ্ধ ও আচ্ছন্ন থাকেন, কারণ তাঁকে কেন্দ্র করে নিজেদের মনোযোগ শ্রেণিগত প্রশ্ন থেকে সরিয়ে রাখা সম্ভব হয়।

এ প্রসঙ্গে হেগেলের সেই পর্যবেক্ষণ যথার্থভাবে প্রযোজ্য—‘অশুভের অবস্থান আসলে সেই দৃষ্টির মধ্যেই, যে দৃষ্টি চারপাশে কেবল অশুভকেই দেখতে পায়।’ ট্রাম্পকে দানব হিসেবে চিত্রিত করা উদারপন্থীদের দৃষ্টিভঙ্গিও নিজেই অশুভ। কারণ, এই দৃষ্টি উপেক্ষা করে যে তাদের নিজেদের ব্যর্থতাই ট্রাম্পের জাতীয়তাবাদী জনতুষ্টিবাদী রাজনীতির বিকাশের ক্ষেত্র তৈরি করেছে।

এই প্রেক্ষাপটে আমার কাছে প্রকৃত ভীতিকর দৃশ্য ছিল ২০২১ সালের শুরুর দিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ট্রাম্পের প্রথম শাসনামলকে একটি বিচ্ছিন্ন ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করেছিল, যেন উদার গণতান্ত্রিক স্বাভাবিকতার ধারাবাহিকতায় সামান্য সময়ের জন্য একটি অস্বাভাবিক বিরতি ঘটেছিল মাত্র।

এই অবস্থানেরই প্রতীক হয়ে উঠেছিল তরুণ কবি আমান্ডা গোরম্যানের কবিতা ‘দ্য হিল উই ক্লাইম্ব’। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে কবিতাটি পাঠ করেছিলেন তিনি। তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছিল—‘তাই আমরা আমাদের দৃষ্টি তুলে ধরি, আমাদের মাঝখানে কী দাঁড়িয়ে আছে সেদিকে নয়, বরং আমাদের সামনে কী অপেক্ষা করছে সেদিকে। আমরা বিভেদ দূর করি, কারণ আমরা জানি—ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হলে প্রথমে আমাদের নিজেদের মতপার্থক্যগুলো সরিয়ে রাখতে হবে।’

‘আদর্শবাদ’ বা ‘আইডিওলজি’ শব্দটির যদি কোনো অর্থ থেকে থাকে, তবে এটাই তার প্রকৃষ্ট উদাহরণ—ক্ষমতাসীন অভিজাত শ্রেণি এবং প্রগতিশীলদের এক মহিমান্বিত ঐক্যের মুহূর্ত কল্পনা করা। সেই মুহূর্তের মোহে আচ্ছন্ন হয়ে অনেকেই নিজেদের বিশ্বাস করিয়েছিলেন, ট্রাম্প নামের কোনো ঘটনা আদতে কখনো ঘটেনি। অথচ তাদের বরং প্রশ্ন করা উচিত ছিল, ট্রাম্প এবং তাঁর অনুসারীরা কোথা থেকে এলেন? তাঁর উত্থান কি উদারপন্থীদের কথিত ঐক্যের দাবিকেই প্রশ্নবিদ্ধ করে না?

আমরা যদি ভবিষ্যৎ নিয়ে সত্যিই আশাবাদী হতে চাই, তাহলে নিজেদের বিভেদগুলো সরিয়ে রাখা চলবে না। বরং এর ঠিক উল্টোটা করতে হবে: আমাদের বিভাজন ও দ্বন্দ্বগুলোর ওপর মনোযোগ দিতে হবে। তবে এখানে আমি উদারপন্থী ক্ষমতাকাঠামো এবং ‘মাগা’ (MAGA) শিবিরের মধ্যকার কথিত ‘অসভ্য গৃহযুদ্ধের’ কথা বলছি না; বলছি এর অন্তর্নিহিত প্রকৃত শ্রেণিগত দ্বন্দ্বের কথা।

ট্রাম্প নিজেকে ‘আমাদের’ পক্ষে এবং ‘তাদের’ বিরুদ্ধে দাঁড়ানো একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। তাঁকে পরাজিত করার একমাত্র উপায় হলো—প্রমাণ করা যে তিনি আসলে ‘তাদেরই’ একজন; অর্থাৎ ক্ষমতাকাঠামোরই অংশ, সেই প্রতিষ্ঠিত অভিজাত ব্যবস্থারই এক ‘জলাভূমির প্রাণী’ (swamp creature)।

এ প্রসঙ্গে বাইডেনের অভিষেক অনুষ্ঠানের সেই একাকী মানুষটির কথা মনে করা যেতে পারে, যিনি কেবল চুপচাপ বসে থেকেই সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন। ‘ঐক্যের’ মহোৎসবের মধ্যে তিনি ছিলেন একমাত্র বেসুরো উপস্থিতি। তিনি বার্নি স্যান্ডার্স। তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়নি, কিন্তু তিনিও সেই উৎসবে শামিল হওয়ার কোনো আগ্রহ দেখাননি।

হেগেল যখন জেনা শহরের মধ্য দিয়ে নেপোলিয়নকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল, তিনি যেন বিশ্বাত্মার মুখোমুখি হয়েছেন; ইতিহাস যেন ঘোড়ার পিঠে চড়ে তাঁর সামনে দিয়ে অতিক্রম করছে। অন্যদিকে, বিশাল আকারের হাতমোজা পরে চুপচাপ বসে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া স্যান্ডার্স আমাদের সময়ের বিশ্বাত্মার প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি প্রতিনিধিত্ব করেছিলেন সেই সংশয়বাদী মনোভাবের, যা কোটি কোটি সাধারণ মানুষের মনে তখনো রয়ে গিয়েছিল। স্যান্ডার্স এবং সেই সাধারণ মানুষগুলো বুঝতে পেরেছিলেন, আরও অনেক বেশি মৌলিক ও আমূল পরিবর্তন প্রয়োজন।

এ কারণেই ট্রাম্পের সর্বশেষ পরাজয়ের পর আমাদের উচ্ছ্বাসে ভেসে যাওয়া চলবে না। বরং ট্রাম্পের ক্ষমতার শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া বা তাঁর ‘লেম ডাক’ অবস্থান আমাদের সেই ফেটিশ বা আবেশের বস্তুটিকেই কেড়ে নিচ্ছে, যা এত দিন আমাদের প্রকৃত সংগ্রাম থেকে দৃষ্টি সরিয়ে রেখেছিল। ফলে সামনে যে প্রকৃত লড়াই অপেক্ষা করছে, তার দিকে মনোযোগ দেওয়া ছাড়া আর কোনো পথ থাকছে না।

আমাদের ফিরে যাওয়ার মতো কোনো স্বাভাবিক অবস্থা আর অবশিষ্ট নেই। ট্রাম্প নিজেই উদারনৈতিক ঐকমত্যের ভাঙন এবং একটি কার্যকর বিকল্প হাজির করতে বামপন্থীদের ব্যর্থতার লক্ষণ। তাই জনতুষ্টিবাদ বা পপুলিজমের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ হলো উদারনৈতিক রাজনৈতিক প্রকল্পের দুর্বলতাগুলোর দিকে সমালোচনামূলক দৃষ্টিতে তাকানো।

এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বহুল প্রশংসিত দাভোস বক্তৃতার কথা স্মরণ করা যেতে পারে। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া সেই বক্তৃতায় তিনি চেক চিন্তাবিদ ভাচলাভ হাভেলের ১৯৭৮ সালের প্রবন্ধ ‘দ্য পাওয়ার অব দ্য পাওয়ারলেস’ (The Power of the Powerless)-এর প্রসঙ্গ টেনেছিলেন।

কার্নি ব্যাখ্যা করেছিলেন, হাভেল একটি সহজ প্রশ্ন তুলেছিলেন: কমিউনিস্ট ব্যবস্থা কীভাবে নিজেদের টিকিয়ে রেখেছিল? এর উত্তরের শুরু হয়েছিল এক মুদিদোকানিকে দিয়ে। প্রতিদিন সকালে ওই দোকানি তাঁর দোকানের জানালায় একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিতেন, যাতে লেখা থাকত: ‘বিশ্বের শ্রমিকরা, ঐক্যবদ্ধ হও।’

তিনি নিজেও কথাটি বিশ্বাস করতেন না, অন্য কেউও করত না। তারপরও তিনি সাইনবোর্ডটি ঝুলিয়ে রাখতেন, যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, নিজের আনুগত্যের সংকেত দেওয়া যায় এবং সবার সঙ্গে মানিয়ে চলা সম্ভব হয়। আর যেহেতু প্রতিটি রাস্তার প্রতিটি দোকানিই একই কাজ করতেন, তাই পুরো ব্যবস্থাটি টিকে থাকত।

হাভেলের গল্পে একসময় সেই মুদিদোকানি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর মিথ্যার মধ্যে বসবাস করবেন না। নিজের দোকানের জানালা থেকে সাইনবোর্ডটি নামিয়ে রেখেছিলেন তিনি। একইভাবে কার্নিও তাঁর শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, নিজেদের জানালা থেকে সেই সাইনবোর্ড নামিয়ে ফেলতে এবং পুরোনো বিশ্বব্যবস্থাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে।

কিন্তু হাভেলের গল্পের সঙ্গে বর্তমান পরিস্থিতির একটি বড় পার্থক্য রয়েছে।

আমাদের সাইনবোর্ড ইতিমধ্যেই নামিয়ে ফেলা হয়েছে। তবে ব্যবস্থার বিরোধিতাকারী ভিন্নমতাবলম্বীরা এটি নামাননি; নামিয়েছে সেই বৃহৎ শক্তিগুলো, যারা নিজেরাই এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের ওপর নিজেদের চাপিয়ে দেওয়া ব্যবস্থাটিকে খুব একটা প্রয়োজনীয় মনে করে না। মুক্তবাজারের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ব্যবস্থার অন্যান্য নিয়মকানুন তত দিনই গ্রহণযোগ্য ছিল, যত দিন সেগুলো যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা ও আধিপত্য নিশ্চিত করেছিল। কিন্তু যখনই এসব নিয়মকে মার্কিন আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখা হয়েছে, তখনই সেগুলো ছুড়ে ফেলা হয়েছে।

এখন প্রশ্ন হলো, উদারনৈতিক বিশ্বব্যবস্থার পতনের পর কী আসবে?

এখন পর্যন্ত সামনে যে বিকল্পগুলো দেখা যাচ্ছে, সেগুলোর সবই যেন একেকটি ভয়াবহ অশুভ লক্ষণের জন্ম দিচ্ছে। এর মধ্যে রয়েছে বিশৃঙ্খল অর্থনৈতিক যুদ্ধ, ফ্যাসিবাদের নতুন নতুন রূপ, প্রযুক্তিনির্ভর সামন্তবাদ বা ‘টেকনো-ফিউডালিজম’, পুরোনো ধাঁচের ঔপনিবেশিক ভূমি দখলের রাজনীতিতে ফিরে যাওয়া এবং গণহত্যামূলক সহিংসতা।

আরও ভয়াবহ বিষয় হলো, ইতিহাসের তথাকথিত ‘স্বাভাবিক’ গতিপ্রবাহই আমাদের ক্রমশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার ধস, যন্ত্রের বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিকাশ থেকে শুরু করে নতুন বৈশ্বিক যুদ্ধ, সবকিছুই সেই বিপর্যয়ের অংশ। যদি এগুলোই আমাদের ইতিহাসের প্রকৃত পরিণতি হয়ে থাকে, তাহলে ট্রাম্পকে পরাজিত করার মধ্য দিয়ে আদতে কিছুই অর্জিত হবে না।

প্রজেক্ট সিন্ডিকেটে লিখিত স্লাভয় জিজেকের নিবন্ধ থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহসম্পাদক আব্দুর রহমান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত