
জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্বের বিভিন্ন দেশের আয়তন তুলনামূলকভাবে আরও নির্ভুলভাবে তুলে ধরতে ‘ইকুয়াল আর্থ’ প্রজেকশন ব্যবহারে উৎসাহ দেওয়ার পর ভারত, জাপান ও ইউক্রেন মানচিত্রে নিজেদের বিতর্কিত ভূখণ্ডের উপস্থাপন নিয়ে আপত্তি জানিয়েছে।
চলতি মাসের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদ নতুন মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দেয়। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৬৪টি দেশ, যার মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যও রয়েছে। ভোটদানে বিরত থাকে ছয়টি দেশ। একমাত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।
নতুন মানচিত্রের মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ব্যবহৃত ‘মারকেটর প্রজেকশন’-এর বিকল্প হিসেবে পৃথিবীর মহাদেশগুলোর প্রকৃত আয়তনের তুলনামূলক চিত্র তুলে ধরা। ১৫৬৯ সালে তৈরি মারকেটর মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় অনেক ছোট এবং গ্রিনল্যান্ডের প্রায় সমান বলে মনে হয়। বিপরীতে ইকুয়াল আর্থ প্রজেকশনে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়।
তবে জাতিসংঘ বলেছে, তারা মারকেটর মানচিত্রকে আনুষ্ঠানিকভাবে অবসর দিলেও কোনো নির্দিষ্ট নতুন মানচিত্র বাধ্যতামূলক করছে না; বরং ইকুয়াল আর্থ ব্যবহারে উৎসাহ দিচ্ছে।
মানচিত্রটির রাজনৈতিক প্রভাব নিয়েই মূল আপত্তি উঠেছে। ইউক্রেন বলেছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে দেশটির অন্য অংশের চেয়ে ভিন্ন ও তুলনামূলকভাবে রাশিয়ার রঙের কাছাকাছি ছায়ায় দেখানো হয়েছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ইউক্রেনের জাতিসংঘ প্রতিনিধি আন্দ্রি মেলনিক বলেন, ভোটের আগে বিষয়টি সংশোধনের অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। ইউক্রেনের সঙ্গে সংহতি জানিয়ে এস্তোনিয়া, জর্জিয়া, মলদোভা, সার্বিয়া ও লিথুয়ানিয়াও ভোটদানে বিরত থাকে।
ভারত প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও পরে কাশ্মীর ও আকসাই চীনের উপস্থাপন নিয়ে আপত্তি জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির জম্মু-কাশ্মীর, লাদাখসহ সার্বভৌম ভূখণ্ড ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখাতে হবে। মানচিত্রে অবশ্য উল্লেখ করা হয়েছে, জম্মু-কাশ্মীরের চূড়ান্ত মর্যাদা ভারত ও পাকিস্তানের মধ্যে এখনো নির্ধারিত হয়নি।
জাপানও রাশিয়ার অংশ হিসেবে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ দেখানোর প্রতিবাদ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানচিত্র সংশোধনের দাবি জানিয়েছে টোকিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করার পর থেকেই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলে আসছে।
যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়ে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে। ওয়াশিংটনের প্রতিনিধি বলেন, বিশ্বের বাস্তব সংকটের পরিবর্তে ১৬ শতকের মানচিত্র প্রজেকশন নিয়ে বিতর্ক প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে।
আফ্রিকান ইউনিয়নের কয়েক মাসের প্রচারের পর প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হয়। প্রচারকেরা বলছেন, মানচিত্র শুধু ভৌগোলিক তথ্য নয়—এটি বিশ্ব সম্পর্কে মানুষের ধারণাও তৈরি করে। তাই স্কুল, পাঠ্যবই, সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের মহাদেশগুলোর আয়তন যথাসম্ভব নির্ভুলভাবে তুলে ধরা জরুরি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি পুনরায় সচলের পাশাপাশি তেলের ট্যাংকারের নিরাপদ যাতায়াত নিশ্চিতে যুক্তরাষ্ট্র ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে হোয়াইট হাউসের এমন দাবির পরও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে...
১ ঘণ্টা আগে
ইরানের চাপে একই সঙ্গে বাব এল-মানদেব ও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে আগামী নভেম্বরের আগে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমাতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার বার্ষিকীর পাশাপাশি গত শুক্রবার
৯ ঘণ্টা আগে
ইরানের সমর্থনপুষ্ট হুতিদের ইয়েমেনে দ্রুত অগ্রযাত্রা এবং সৌদি আরবে একের পর এক হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে খুব বেশি বিকল্প হাতে নেই সৌদি আরবের। যে পথই তারা বেছে নিক, প্রতিটির সঙ্গেই রয়েছে বড় ধরনের ঝুঁকি ও ব্যয়।
১৩ ঘণ্টা আগে
সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্রিটিশ মুসলমানরা কতটা ব্রিটিশ সমাজে একীভূত হতে পেরেছেন? এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারী প্রায় ৬ লাখ ৫০ হাজার বাংলাদেশি। এই জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি মুসলমান।
১ দিন আগে