
ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। কিন্তু চলছে না ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা প্রাইমমুভার। এ কারণে বেসরকারি কোনো ডিপো (আইসিডি) থেকে রপ্তানি পণ্যের কনটেইনার জেটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। একইভাবে আমদানি করা পণ্যের কনটেইনারও ডেলিভারি দেওয়া যাচ্ছে না বন্দর জেটি থেকে। এই অচলাবস্থায় অলস বসে না থেকে বাধ্য হয়ে অন্তত ১ হাজার ২৪৬ কনটেইনার না নিয়েই আজ সোমবার সকালে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে তিনটি জাহাজ। আর এই ১ হাজার ২৪৬ কনটেইনার ভরা ছিল অন্তত ২০ হাজার টন রপ্তানিপণ্যে।
জাহাজ তিনটি হলো- এমভি এএস সিসিলিয়া, এমভি কালামতি ট্রেডার ও এমভি এক্সপ্রেস লটসি। সিলিসিয়ার ১ হাজার ৩১৩ কনটেইনার নিয়ে বন্দর ত্যাগের প্রস্তুতি ছিল। কিন্তু এক দিন বেশি সময় জেটিতে বসে থাকার পরও জাহাজে তুলতে পেরেছে ৯০২টি কনটেইনার। একইভাবে কালামতির ৬৯৭ কনটেইনার নিয়ে যাওয়ার কথা থাকলেও গেছে মাত্র ২৫০টি কনটেইনার নিয়ে। আর ধারণক্ষমতার তুলনায় ৫৮৫টি কনটেইনার কম নিয়ে জেটি ছেড়েছে লটসি।
হিসাব করে দেখা যায়, জাহাজ তিনটি যে পরিমাণ রপ্তানিপণ্য পরিবহনের পরিকল্পনা করেছিল, নিতে পেরেছে তার মাত্র অর্ধেক। এতে জাহাজের বাড়তি ভাড়া পরিশোধ এবং দেশের রপ্তানিকারকেরা বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, সময়মতো জাহাজে পণ্য তোলা (শিপমেন্ট) সম্ভব না হওয়ায় বিদেশি ক্রেতার হাতে এসব পণ্য পৌঁছানো অন্তত এক মাস পিছিয়ে যাচ্ছে। তাঁরা বলছেন, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের নানা দেশে রপ্তানিপণ্য ভর্তি কনটেইনার সরাসরি পাঠানো হয় না। প্রথমে চট্টগ্রাম বন্দর থেকে তুলনামূলক ছোট ফিডার জাহাজে করে পাঠানো হয় শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দরে। এরপর জাহাজ পরিবর্তন করে সেই কনটেইনার বড় জাহাজে (মাদার ভ্যাসেল) করে যায় নির্দিষ্ট দেশের বন্দরে। এরপর লরিতে করে কনটেইনার যায় ক্রেতার গুদামে। কাজেই চট্টগ্রাম বন্দর থেকে পাঠাতে দেরির কারণে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে নির্ধারিত বড় জাহাজে তোলা সম্ভব হয় না ওই রপ্তানিপণ্যের কনটেইনার।
ধারাবাহিক এই বিলম্বের কারণে বিদেশি ক্রেতার হাতে যখন পণ্য পৌঁছায়, তখন ওই পণ্য আর ক্রেতার কোনো কাজেই লাগছে না। ফলে সমুদয় দায় চাপানো হয় পণ্যের রপ্তানিকারকের ওপর।
এ প্রসঙ্গে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত প্রতিদিন গড়ে ১০ কোটি থেকে ১২ কোটি পিস পোশাক রপ্তানি করা হয়। চার দিন চালান পাঠানো সম্ভব না হওয়ায় ক্রেতারা দেরির জন্য পণ্য ফেরত দেবে, পরে বলবে প্লেনে পাঠাতে। এতে পণ্যের পরিবহন খরচ বেড়ে যাবে ৬০ শতাংশ। এই চার দিনের পরিবহন ধর্মঘটে শুধু পোশাক খাতের ৫ হাজার কোটি টাকার বেশি (দিনে ১৫ কোটি ৭০ মার্কিন ডলার) ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. রাকিবুল আলম আজকের পত্রিকাকে বলেন, চলমান পরিবহন সংকটের কারণে আগামী দিনে আমাদের রপ্তানি আদেশ বাতিল হতে পারে। ক্রেতারা বিমানে পণ্য পাঠানোর জন্য চাপ দিচ্ছে। এতে পোশাকশিল্প হুমকির মুখে পড়তে পারে।

নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
৪ ঘণ্টা আগে
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
৯ ঘণ্টা আগে
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
১০ ঘণ্টা আগে
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি...
১০ ঘণ্টা আগে