আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে সাত দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংস্থাটির উচ্চপর্যায়ের একটি স্টাফ মিশন ঢাকা সফরে আসছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিশনটি ঢাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, আইএমএফের মিশনটি সফরকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাণিজ্য, শিল্প ও শ্রম মন্ত্রণালয়, বন ও পরিবেশ এবং জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়সহ ঋণের শর্ত পূরণের সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনায় বসবে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সময়াবদ্ধ সংস্কার অগ্রগতির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত চাইবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনা করবে। চলমান সংকট উত্তরণে স্টাফ মিশনটি তাদের পরামর্শ ও অভিজ্ঞতাও শেয়ার করবে।
সূত্র আরও জানায়, এসব বৈঠকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে পর্যালোচনা শেষে অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সার্বিকভাবে আইএমএফের স্টাফ মিশন সংস্থাটি থেকে ঋণের চতুর্থ কিস্তি ছাড়ে সবুজ সংকেত দিয়ে সুপারিশপত্র পাঠানোর প্রতিশ্রুতি দেবে। পাশাপাশি সংশোধিত কিছু শর্তসহ নতুন সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে তারা।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সবকিছু ঠিক থাকলে আইএমএফের প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তি বাংলাদেশকে ছাড় করা হবে আগামী ডিসেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে বাংলাদেশের চাওয়া অতিরিক্ত ৩০০ কোটি ডলারের নতুন ঋণের মঞ্জুরির বিষয়টিও চূড়ান্ত অনুমোদনের পথে থাকবে।
জানা গেছে, আইএমএফ থেকে ঋণের তৃতীয় কিস্তির অর্থ ১১৫ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের অনূকূলে ছাড় করার সময় চতুর্থ কিস্তি পাওয়ার আগে ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের সময়াবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, নিম্ন রাজস্ব আয় এবং ব্যাংক খাতে সুশাসনের অভাব—এই চার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করার লক্ষ্যে নতুন শর্তগুলো দেওয়া হয়। সফরে মূলত সেগুলোর অগ্রগতি মূল্যায়ন করা হবে। আইএমএফের স্টাফ মিশন সেই মূল্যায়ন প্রতিবেদন পরে উপস্থাপন করে আইএমএফ বোর্ডের কাছে। এ প্রতিবেদনের ভিত্তিতে আইএমএফ বোর্ডে বাংলাদেশের অনুকূলে ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পাবে।
এর আগে নীতিনির্ধারণী বার্তা পেয়ে সংস্থাটির বাংলাদেশ অফিস থেকে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে ই–মেইল বার্তায় চলতি মাসের ২৪-৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্টাফ মিশনের ঢাকা সফরের আগ্রহের কথা জানানো হয়। ঢাকা অফিসের এমন অফিশিয়াল প্রস্তাব পাওয়ার পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা শেষে আইএমএফ সময়সূচিকেই অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রাথমিকভাবে ঢাকা সফরে আইএমএফ স্টাফ মিশনে সর্বোচ্চ ১১ সদস্যের টিম থাকবে বলে জানানো হয়। কার নেতৃত্বে এবং টিমে কোন কোন সদস্য থাকবেন, সেটি শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে জানাবে বলে জানিয়েছে আইএমএফের ঢাকা অফিস। আইএমএফ থেকে সফরের এই প্রস্তাব পাওয়ার পরপরই স্টাফ মিশনের সঙ্গে আলোচনায় অংশ নিতে সব বাংলাদেশি অংশীজন প্রতিষ্ঠানকে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে প্রস্তুতি সেরে রাখতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আশা করছি, ডিসেম্বরে আগের ঋণের চতুর্থ কিস্তির পাশাপাশি নতুন প্রস্তাবিত অতিরিক্ত ৩০০ কোটি ডলারের ঋণও পাবে বাংলাদেশ।’

দেশের অর্থনীতির বাস্তব চিত্র বোঝা এখনো অনেকাংশে নির্ভর করে দেরিতে পাওয়া ও বিচ্ছিন্ন তথ্যের ওপর। ফলে নীতিনির্ধারণ থেকে শুরু করে বাজেট পরিকল্পনা—সব ক্ষেত্রেই থেকে যায় সময়ের ব্যবধান ও অনিশ্চয়তা। এই বাস্তবতা বদলে হালনাগাদ অর্থনীতি পরিমাপের সক্ষমতা গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান....
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড বাই সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট...
১৮ ঘণ্টা আগে
আমদানি করা পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। এ সিদ্ধান্তের ফলে বন্দরে পণ্য আটকে থাকার কারণে আমদানিকারকদের যে অতিরিক্ত খরচ বা ড্যামারেজ...
১৮ ঘণ্টা আগে
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান। ২২ ও ২৩ এপ্রিল রাজস্ব ভবন কাকরাইলে অ্যাসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ দিন আগে