জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা বা মূল সার্ভার হ্যাক হওয়ার খবর নাকচ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পূর্বসতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সরকারি ছুটির দিনগুলোতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে ব্যাংকটি।
আজ রোববার বিভিন্ন গণমাধ্যমে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণে এ তথ্য জানায় জনতা ব্যাংক পিএলসি।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তাদের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ-সংক্রান্ত সংবাদে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলো বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে সাধারণ ব্যবহারকারীদের জন্য জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।










