সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ট্রমা কাটিয়ে পুলিশ স্বাভাবিক কাজকর্ম যখন শুরু করবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘আনসার, র্যাব, বিজিবিসহ সবার সঙ্গেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলব যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে। ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। সেই পর্যন্ত আমরা থাকব এবং কাজ করে যাব।’
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘সংখ্যালঘু যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই ওরকম কোনো ঘটনা ঘটেনি এই আটটা জেলায় (রাজশাহী বিভাগের আট জেলা)। এটা অত্যন্ত ভালো দিক এবং এই যে একটা সুন্দর পরিবেশ, সেটা বজায় রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আমরা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব যদি সবাই একসঙ্গে কাজ করি।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেওয়ার কারণ জানতে চাইলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা তাঁদের আশ্রয় দিয়েছি। তাঁদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তাঁরা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে, বিচারবহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাঁদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাঁদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা (নিরাপত্তা) আমরা দেখব।’
সেনাপ্রধান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই। বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।’
এ সময় উপস্থিত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, জেলা প্রশাসক শামিম আহমেদ, জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানিবাসে স্থানীয় পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৩ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে