
ধিকিধিকি আগুন জ্বলে—শ্রীলঙ্কা কাল ট্রফি নিয়ে উদ্যাপন করে যেন বাংলাদেশি ব্যান্ড মাইলসের জনপ্রিয় গানটি মনে করিয়ে দিল। তাদের মনে এখনো যেন বিশ্বকাপে দিল্লির সেই ম্যাচের টাইমড আউট বিতর্কের আগুন ধিকিধিকি জ্বলছে।
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ট্রফি নিয়ে শ্রীলঙ্কা দলের বেশির ভাগ ক্রিকেটার হাতের ঘড়ি ইঙ্গিত করে ‘টাইমড আউট’ উদ্যাপন করেছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখেছেন প্রতিপক্ষের ইঙ্গিতপূর্ণ উদ্যাপন। সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘ওরা ওই টাইমড আউট নিয়েই তো দেখিয়েছে! আমার মনে হয়, ওরা এখনো (সেটা থেকে) বের হতে পারে নাই। আমার মনে হয়, ওদের বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করিনি (বিশ্বকাপে দিল্লির সেই ম্যাচে)। একটু বেশিই মাতামাতি করছে, তো করুক। এটা নিয়ে আমরা চিন্তিত না।’
বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সেদিন অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে টাইমড আউটের বুদ্ধিটা শান্তই দিয়েছিলেন। এখন অধিনায়ক হিসেবে সেই ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়া তাঁকেই বেশি সইতে হচ্ছে। কাল সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে শান্ত তাই বললেন, ‘ওরা যে এই টাইমড আউটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটা বেশি করে তুলে ধরেন।’
অবশ্য সিলেটের এই টি-টোয়েন্টি সিরিজে টাইমড উদ্যাপন বাংলাদেশই আগে ফিরিয়ে এনেছে। প্রথম ম্যাচেই লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোকে আউট করে এই উদ্যাপন করেছিলেন শরীফুল ইসলাম। শেষ পর্যন্ত সিরিজ জিতে একই উদ্যাপন করল পুরো শ্রীলঙ্কা।
লঙ্কানদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা কুশল মেন্ডিসকে বেশি বলতে হলো দুই দলের দ্বৈরথ আর বিতর্কিত উদ্যাপন নিয়েই। কুশল সতীর্থদের উদ্যাপনের সঙ্গী হলেও সংবাদ সম্মেলনে বললেন, ‘কেউ কেউ করেছে টাইমড আউট উদ্যাপন। তবে আমি জানি না।’ তিনি মনে করেন, যেকোনো উদ্যাপন তাঁরা করতেই পারেন। কুশল বললেন, ‘নিজেদের বিষয় নিয়ে আমরা উদ্যাপন করতে পারি। আমরা উদ্যাপন করেছি কারণ, আমরা খুশি।’
তাহলে শান্তর কথাই ঠিক, শ্রীলঙ্কা বের হতেই পারছে না সেই বিতর্ক থেকে। কুশলের সঙ্গে সংবাদ সম্মেলনে আসা সহকারী কোচ নাভিদ নওয়াজ এগিয়ে এসে উত্তরটা দিলেন, ‘আমরা এখান থেকে বেরিয়েছি। এটা এমন একটা উদ্যাপন, যেটি তখন ভুল-বোঝাবুঝির সৃষ্টি করেছিল। খেলার তপ্ত মুহূর্তে এটা হয়েছে। দুই দলেরই উচিত এটা ভুলে যাওয়া।’
কিন্তু দুই দলের লড়াইয়ে যে ঝাঁজ, এই দ্বৈরথের একটা ব্যাখ্যা দিয়েছেন নাভিদ, ‘দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। পরিবেশ দারুণ। শতভাগ দেয় তারা। মাঠে কারও কারও আবেগের বিস্ফোরণ ঘটে। তবে সীমানার বাইরে তারা সবাই বন্ধুভাবাপন্ন হলেও মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এটাই আসলে খেলা। এটাই দুই দল আশা করে।’
মাঠে কঠিন লড়াইয়ে কাল বাংলাদেশ হেরে গেল অচেনা এক লঙ্কান পেসারের বিধ্বংসী বোলিংয়ের কাছে। নুয়ান তুশারার বিধ্বংসী বোলিংয়ের সামনে বাংলাদেশের যে ব্যাটিং বিপর্যয়, সেটির শুরু শান্তর আউটের মাধ্যমে। সিরিজ হারলেও তিনি অবশ্য অনেক প্রাপ্তি খুঁজে পাচ্ছেন, ‘সিরিজে অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরও আমরা ফিরে এসেছি। সিরিজে অনেক ইতিবাচক দিক ছিল, যা ভবিষ্যতে কাজে দেবে।’
টি-টোয়েন্টির রোমাঞ্চ শেষে আজ দুই দল চট্টগ্রামে যাচ্ছে ওয়ানডে সিরিজ খেলতে।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে একবারের চ্যাম্পিয়নরা। ম্যাচে আফ্রিকার দলটির জমাট রক্ষণের কাছে বারবার আটকে গেছে ইংলিশদের আক্রমণ। এ ছাড়া পয়েন্ট ভাগের জন্য নিজেদের ভাগ্যকেও দুষছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকল
১৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে ১৬ ভেন্যুর ১১টাই মার্কিন মুলুকে। বিশ্বকাপ শুরুর আগে তাই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনাল ঘিরেও উঠে আসছে এই তাঁর নাম।
১ ঘণ্টা আগে
প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরোনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলার কারণে বিশ্বকাপে এই শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হন তিনি। ফিফা নিশ্চিত করেছে, আলমিরোন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।
৪ ঘণ্টা আগে