ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে সংস্থাটি।
ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএয়ের বেশ কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থার মানবিক সহায়তা প্রদানের ক্ষমতা রক্ষা করতে আমি এই সদস্যদের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করার এবং সত্য প্রতিষ্ঠার জন্য শিগগিরই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
এ হামলায় কতজন কর্মী জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে বা তাঁরা কীভাবে জড়িত ছিল—সে বিষয়ে বিস্তারিত জানাননি লাজারিনি।
তিনি বলেন, ইউএনআরডব্লিউএয়ের কোনো কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁকে ফৌজদারি মামলাসহ জবাবদিহির আওতায় আনা হবে।
ইসরায়েলি সরকারের মুখপাত্র এইলন লেভি ইউএনআরডব্লিউএকে দোষারোপ করে বলেন, বিশ্বের সবার মনোযোগ যখন আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা রোধ এবং গাজায় বেসামরিক নাগরিকদের সহায়তায় আরও কিছু করার জন্য ইসরায়েলকে নির্দেশ দেওয়ার দিকে তখনই ইউএনআরডব্লিউএ এই ঘোষণা দিয়েছে।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) লেভি লেখেন, ‘অন্য কোনো দিন হলে প্রধান শিরোনাম হতো: হামাসের সঙ্গে জাতিসংঘ কর্মীদের যোগসাজশের প্রমাণ দিল ইসরায়েল।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এ অভিযোগের বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।
মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, ‘এই খবরে মহাসচিব আতঙ্কিত।’
দুজারিক আরও বলেন, জাতিসংঘ মহাসচিব লাজারিনিকে ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া বা প্ররোচনা দেওয়া ইউএনআরডব্লিউএ কর্মীকে অবিলম্বে বরখাস্ত করা এবং সম্ভাব্য ফৌজদারি বিচারের জন্য প্রেরণ নিশ্চিত করতে একটি তদন্ত পরিচালনা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ইউএনআরডব্লিউএয়ের একটি জরুরি ও সমন্বিত স্বাধীন পর্যালোচনা করা হবে।’
২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের সর্বোচ্চ দাতা দেশগুলো ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি বারবারই বলে আসছে, গাজায় তাদের মানবিক সহায়তা পরিচালনার ক্ষমতা ফুরিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা এ অভিযোগগুলোর বিষয়ে বেশ বিব্রত। মন্ত্রণালয় বলছে, ১২ ইউএনআরডব্লিউএয়ের কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ অভিযোগের সমাধান করা ছাড়া সংস্থাটিকে কোনো ধরনের অতিরিক্ত সহায়তা দেওয়া হবে না বলে জানায় মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘এসব অভিযোগ এবং তা মোকাবিলায় জাতিসংঘ যেসব পদক্ষেপ নিচ্ছে, তা পর্যালোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে ইউএনআরডব্লিউএয়ের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহ স্থগিত করেছে।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত বলেন, ইউএনআরডব্লিউএকে জবাবদিহি করতে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক প্রচেষ্টা, তহবিল ও মানবিক উদ্যোগ যাতে হামাসের সন্ত্রাসবাদ ও ইসরায়েলিদের হত্যায় ইন্ধন জোগাতে না পারে, সে জন্য বড় ধরনের পরিবর্তন আনা দরকার।’
এদিকে আজ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় আর্থিক সহায়তা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
এক্স প্ল্যাটফর্মে তাজানি পোস্ট করে বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে নৃশংস হামলার পর ইউএনআরডব্লিউএয়ের অর্থায়ন স্থগিত করেছে ইতালি সরকার।’ এ ছাড়া ইতালির অন্য মিত্র দেশও একই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অভিযোগের মুখে এরই মধ্যে সংস্থায় অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র এবং আজ অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে ইতালিও।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
৩ ঘণ্টা আগে
সাধারণ ব্যথানাশকের মতোই ১০টি করে ব্লিস্টার প্যাকে আফ্রিকায় প্রবেশ করে এসব ওষুধ। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সড়কের পাশের দোকান ও ফার্মেসগুলোতে খুব সহজেই এগুলো কেনা যায়। ভারত থেকে আসা লাখো ট্যাপেন্টাডল ট্যাবলেট এখন পশ্চিম আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ওপিওয়েড...
৪ ঘণ্টা আগে
কিউবায় ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত পুরোপুরি ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে দেশে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জ্বালানি অবরোধের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা...
৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।
৫ ঘণ্টা আগে