বিশ্বব্যাপী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মূলধন বা পুঁজির জন্য যেখানে পুঁজিবাজারের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের চিত্র একেবারে উল্টো। দেশের উদ্যোক্তারা পুঁজিবাজারের চেয়ে ব্যাংক থেকে ঋণ নিতেই বেশি আগ্রহী, যে কারণে পুঁজিবাজারে আসছে না ভালো কোম্পানি। যেসব কোম্পানি আসছে, সেগুলো আইনি শর্ত পূরণের জন্যই তালিকাভুক্ত হচ্ছে।
পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়ার পেছনে দুর্বল নীতি-কাঠামো, সুশাসনের অভাব, দুর্নীতি, দায়িত্বশীলদের দক্ষতা ও দেশপ্রেমের অভাবকে দায়ী করছেন পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশের দুর্বল নীতি-কাঠামোকে আইপিওতে পিছিয়ে থাকার কারণ বলে মনে করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের সিইও মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, এখানে কর ফাঁকির সুযোগ অনেক বেশি। কোম্পানি আইপিওতে এলে নতুন শেয়ারহোল্ডাররা প্রতিবছর ভালো লভ্যাংশ চাইবেন, আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তুলবেন। উদ্যোক্তারা জবাবদিহির সংস্কৃতিতে যেতে চান না।
প্রতিবেশী ভারতে চলতি বছর এখন পর্যন্ত ১৯৯টি কোম্পানি ৬৩ হাজার কোটি রুপির বেশি পুঁজি সংগ্রহ করেছে বোম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। সমপর্যায়ের অর্থনীতির দেশ ভিয়েতনামে চলতি বছর ২৩৬ দশমিক ৫০ মিলিয়ন ডলারের সমপরিমাণ আইপিও হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার বেশি। বিপরীতে বাংলাদেশে এখন পর্যন্ত চার কোম্পানি মাত্র ২৫২ কোটি টাকা তুলেছে। গত বৃহস্পতিবার এনআরবি ব্যাংক ১০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। এটি নিয়ে এ বছরে এখন পর্যন্ত আইপিও ৩৫২ কোটি টাকা, যেখানে গত বছর মোট সাতটি কোম্পানি আইপিও প্রক্রিয়ায় অংশ নিয়ে ১ হাজার ২১ কোটি টাকার পুঁজি সংগ্রহ করেছিল।
অবশ্য গত দুই বছর আইপিওর মাধ্যমে যে পরিমাণ পুঁজি সংগ্রহ হয়েছে, তার সিংহভাগ নিয়েছে ব্যাংক ও বিমা কোম্পানি। আইনি বাধ্যবাধকতার কারণে এসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার শর্ত পূরণ করতে গিয়ে আইপিওতে এসেছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, বাংলাদেশে দু-তিন মাসের মধ্যে ব্যাংক থেকে যেকোনো আকারের ঋণ নেওয়া যায়। ৫ লাখ টাকা মূলধনের কোম্পানিও ৫০০ কোটি টাকা ঋণ নিতে পারে। এমনকি থার্ড পার্টি মর্টগেজও গ্রহণযোগ্য। বিপরীতে আইপিওতে আসতে কমপক্ষে ৩০ কোটি টাকার মূলধন থাকতে হয়। মুনাফায় থাকতে হবে।
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, সুশাসনের বড় অভাব। যাঁরা আইনকানুন মানতে চান, তাঁদের হয়রানি বেশি। এখানে দুর্নীতি বেশি হওয়ায় অসৎরা ঘুষ দিয়ে সবকিছু হালাল করে নেন। ভালো উদ্যোক্তারা এর মধ্যে পারতপক্ষে যেতে চান না। তিনি বলেন, এখানে নিজ মালিকানায় রেখে কোম্পানি যত ইচ্ছা বড় করা যায়। আবার ব্যাংক থেকে ধার করে ফেরত দেওয়া লাগে না। কোম্পানি বড় হলে বা বড় অঙ্কের পুঁজির প্রয়োজনে পুঁজিবাজারে আসার আইনি বাধ্যবাধকতা নেই।
পরিস্থিতি উত্তরণে পরামর্শ হিসেবে অধ্যাপক আবু আহমেদ বলেন, বিদেশি কোম্পানিকে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে পুঁজিবাজারে আসার বাধ্যবাধকতা থাকতে হবে। বাজারকে নিজের মতো করে চলতে দিতে হবে।
ছায়েদুর রহমান বলেন, ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সীমা আরোপ করতে হবে। আইপিও প্রক্রিয়ায় কোম্পানির মূলধন উত্তোলনের পথ সহজ ও দ্রুততর করতে হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৭ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৮ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে