
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। এই যুদ্ধ আরেক মাসব্যাপী চললে ফিলিস্তিনে দারিদ্র্যের হার এক-তৃতীয়াংশ বা ৩৪ শতাংশ বাড়বে। এতে অতিরিক্ত আরও ৫ লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের মুখে পড়বে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিডব্লিউএ) প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে ফিলিস্তিনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮ দশমিক ৪ শতাংশ কমে যাবে, এই ক্ষতির পরিমাণ হবে ১৭০ কোটি মার্কিন ডলারের সমতুল্য।
গত বৃহস্পতিবার সংস্থা দুটি ‘গাজা যুদ্ধ: ফিলিস্তিনে আর্থসামাজিক প্রভাব’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গাজা যুদ্ধের প্রথম মাসে দারিদ্র্য ২০ শতাংশ বেড়েছে এবং জিডিপি ৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবে, যুদ্ধের প্রথম মাসে ৩ লাখ ৯০ হাজার লোক চাকরি হারিয়েছেন।
ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ‘গাজায় নজিরবিহীন প্রাণহানি, দুর্ভোগ ও ধ্বংসলীলা মেনে নেওয়ার মতো নয়। এই মূল্যায়ন আমাদের সতর্ক করে যে, এই যুদ্ধের প্রভাবগুলো দীর্ঘস্থায়ী হবে এবং এটি শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি মানবিক বিপর্যয় এবং একটি উন্নয়নের সংকট। যুদ্ধ দ্রুত দারিদ্র্যকে ত্বরান্বিত করছে।’
ধারণা করা হচ্ছে, যুদ্ধের তৃতীয় মাসে দারিদ্র্য প্রায় ৪৫ শতাংশ বাড়বে। দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া লোকের সংখ্যা দাঁড়াবে ৬ লাখ ৬০ হাজারের বেশি। জিডিপি হ্রাস পাবে ১২ দশমিক ২ শতাংশ, এতে মোট ২৫০ কোটি ডলারের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে মানব উন্নয়ন সূচকে অবনতির বিষয়েও সতর্ক করা হয়েছে।
গত ৩৫ দিনে গাজায় প্রায় ১৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। গাজায় ঘরবাড়ি ও অবকাঠামো ব্যাপক ধ্বংসের কারণে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক মন্দা ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে এবং এগুলো কাটিয়ে তোলার সম্ভাবনাকে চ্যালেঞ্জিং ও ধীর করে তুলবে।
ইউএনডিপির হিসাবে, এই যুদ্ধের প্রভাবে ফিলিস্তিনে মানুষের সুস্থতা, ভালো থাকা এবং উন্নয়ন প্রায় ১১ থেকে ১৬ বছর পিছিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। গাজার ক্ষেত্রে তা হবে ১৬ থেকে ১৯ বছর।
গত ৭ অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলের বিরামহীন হামলায় ইতিমধ্যে ফিলিস্তিনি নিহত ১১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। এ ছাড়া হামাসের হামলায় ১ হাজার ৪০৫ জন ইসরায়েলি নিহত হয়েছে। দেশটির দাবি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৪ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৬ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৬ ঘণ্টা আগে