মেঘলা এক সন্ধ্যাবেলায় ফার্মগেট ওভারব্রিজের নিচে বসে ছিল ছেলেটি। ওর সঙ্গে কথা বলতে চাই শুনে রাজি হয়ে গেল। কিন্তু অবাক কাণ্ড, একবারও চোখের দিকে তাকাল না। এ রকম কারও সঙ্গে কথা চালিয়ে যাওয়া কঠিন।
ও বিক্রি করছিল প্যাটিস। আমাদের ছোটবেলায় ঢাকা শহরের কনফেকশনারিগুলোয় বনেদি খাবার ছিল তিনটি- পেস্ট্রি, প্যাটিস আর ক্রিম রোল। তখন ত্রিভুজ প্যাটিসই ছিল বেশি। চার কোনা প্যাটিস অনেক পরের ব্যাপার। আর বর্তমান ফাস্টফুড দোকানের প্যাটিস তো একেবারেই নতুন ধরনের জিনিস।
আমাদের সেই ঐতিহ্যবাহী প্যাটিস এখনো কোনো কোনো কনফেকশনারিতে টিকে আছে। তবে টিনের একধরনের উষ্ণ পাত্র হাতে করে ঘুরে বেড়ানো প্যাটিস বহুদিন দেখিনি। ঢাকনা খুলে ভেতর থেকে বের করে দেওয়া হয় সেই প্যাটিস। বেশ গরম থাকে তা।
বছর তিন-চার হলো, আবার দেখতে পাচ্ছি নানা জায়গায় ১০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে সেই প্যাটিস। দুবার কিনে খেয়েছি। সস্তা ওই প্যাটিসের ভেতরে মাংসের বদলে যা থাকে, তা চিনতে না পারলেও খেয়েছি কেবল অতীতের সঙ্গে একটা বোঝাপড়া করার জন্য। নস্টালজিয়া! সেই প্যাটিস নিয়ে যখন বসে আছে ছেলেটা, তখন ওর সঙ্গে একটু কথা বলার ইচ্ছে তো হবেই।
ওর নাম মো. সবুজ। কখনো তাকাচ্ছিল ধাবমান গাড়িগুলোর দিকে, কখনো পথচারীদের পায়ের দিকে, কখনো আকাশের দিকে।
সাধারণত কথা বলার সময় মানুষ মানুষের চোখের দিকে তাকায়। সবুজের সে ইচ্ছে ছিল না। কথা বলছিল ঠিকই, কিন্তু কথা বলা ওর কাজের মধ্যে পড়ে না, সেটা বুঝিয়ে দিচ্ছিল।
‘তোমার বয়স কত ভাই?’
‘১৯’।
‘কত দিন প্যাটিস বেচার কাজ করো?’
‘পাঁচ দিন।’
‘এর আগে কী করতা?’
‘কিছুই করতাম না।’
‘পড়ালেখা করতা?’
‘না। কাজও করতাম না।’
‘তাহলে কিছু তো করতা!’
‘বাড়িতে বইয়া সময় কাটাইতাম।’
‘১৯ বছর বয়সে বাড়িতে বসে সময় কাটাতে মানে! বাড়িতে কেউ কিছু বলত না?’
‘আমি তো বাড়ির ছোট ছেলে। ছোট ছেলের কিছু অ্যাডভানটেজ আছে না?’
‘অ্যাডভানটেজ মানে কী?’
‘মানে হইল, সবাই কাজকাম করে, আমারে কয় কাজ না করলেও হইব। সময়মতো খাবিদাবি, ঘুরবি!’
‘বাহ্! এ তো একেবারে রাজার হালে থাকার মতো অবস্থা! তাহলে আবার কাজে ঢুকলা কেন?’
‘মনে হইল কিছু একটা করি।’
‘এই প্যাটিস কোত্থেকে আনো?’
‘দারুসসালাম থেকে।’
‘তারপর এত দূর এসে বিক্রি করো?’
‘হ্যাঁ নিজের এলাকায় বিক্রি করতে চাই না।’
‘নিজের এলাকা কি দারুসসালাম?’
‘হ্যাঁ ওইখানেই আমরা থাকি।’
‘আমরা মানে কারা?’
‘আব্বা-আম্মা, ভাই-বোন আর দুলাভাই।’
‘দারুসসালামে কেন বিক্রি করতে চাও না?’
‘ওখানে সবাই চেনা মানুষ। ভাত খায় বাড়িতে। প্যাটিস খাইব কেন?’
এ কথাটা আমার মাথায় আসেনি। ফার্মগেটে নানা কারণে মানুষ এসে ভিড় জমায়। কাজের তাড়ায় সব সময় খেয়ে বের হতে পারে না। তাই টুকটাক কিছু খেয়ে নেয় এখানে এসে। বিক্রিবাট্টা দারুসসালামের চেয়ে ফার্মগেটেই হওয়ার কথা বেশি।
‘দিনে কত টাকা লাভ হয় সবুজ?’
‘৪০০-৫০০ টাকা থাকে।’
আজব ব্যাপার! এই কয়েক দিনে নানা পেশার নানা মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, সবাই লাভের অঙ্কটা বলেছে এ রকম। আয় কি সত্যিই এ রকম নাকি অভ্যাসের বশে এ রকম একটা অঙ্ক বসিয়ে নেওয়া হয়!
এর উত্তর জানা কঠিন।
দু-এক ফোঁটা বৃষ্টি পড়তে থাকে। তাতে মো. সবুজের মন খারাপ হয়। তারপর ও আমার দিকে তাকায় না। আমার সঙ্গে কথা বলে কোনো আনন্দ পেয়েছে বলে মনে হয় না। তাই ওকে আর জ্বালাই না। সরে আসি সামনে থেকে।
কিছু দূর গিয়ে পেছন ফিরে তাকাই একটা আশা বুকে নিয়ে।
উদ্দেশ্য সফল হয়। মো. সবুজ পেছন থেকে আমার দিকেই তাকিয়ে আছে। এই প্রথম ওর চোখ দেখার সুযোগ হয়। সে চোখে আনন্দ না বিষণ্ণতা, এত দূর থেকে সেটা টের পাওয়া যায় না।

মাদারীপুরে একের পর এক পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের দখলে দ্রুত হারিয়ে যাচ্ছে এসব জলাধার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পানিসংকটের ঝুঁকিও বাড়ছে।
২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে