প্রাণীজগতে কুমিরের পরিচয় দুর্ধর্ষ শিকারি হিসেবে। স্বাভাবিকভাবেই যেসব নদী, লেক কিংবা পুকুরে কুমির থাকে, মানুষ সেগুলো এড়িয়ে চলে। তবে বুরকিনা ফাসোর ছোট্ট এক গ্রামে ব্যাপারটা একেবারেই আলাদা। এখানে মানুষ আর কুমিরে দারুণ সুসম্পর্ক। এমনকি সেখানে গিয়ে কোনো গ্রামবাসীকে বিশালাকার এসব সরীসৃপের কোনো একটির পিঠে চড়ে বসে থাকতে দেখে চমকে উঠতে পারেন।
বুরকিনা ফাসোতে শুষ্ক সাভানা অঞ্চল আর সবুজ অরণ্য দুটিই পাবেন। তবে সাম্প্রতিক সময়ে এই বৈচিত্র্যময় প্রকৃতির পাশাপাশি বাজৌলি গ্রামটি টানছে পর্যটকদেরও। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগুদুগু থেকে বাজৌলি নামের গ্রামটির দূরত্ব মাইল বিশেক। সেখানে বেশ বড়সড় এক পুকুরে শ দুয়েক কুমিরের বাস। ওই পুকুরই ব্যবহার করে গ্রামবাসী। হঠাৎ বাইরে থেকে কেউ এলে চমকে ওঠেন এভাবে মিলেমিশে থাকা দেখে।
‘ছোটবেলা থেকেই কুমিরের সঙ্গে অভ্যস্ত আমরা। এদের সঙ্গেই পুকুরে সাঁতার কাটি।’ বলেন স্থানীয় বাসিন্দা পিয়েরে কাবোরে। তাঁর কয়েক গজের মধ্যে গ্রামবাসীর দেওয়া একটা মুরগি দিয়ে ভোজে মজেছে বিশালদেহী এক কুমির।
‘আমরা এদের একেবারে কাছে চলে যাই। ওপরে বসে পড়ি। সাহস থাকলে এদের একটার ওপর শুয়েও পড়তে পারবে। কোনো সমস্যা নেই। এরা পবিত্র প্রাণী। কারও ক্ষতি করে না।’ বলেন পিয়েরে কাবোরে।
স্থানীয় কিংবদন্তি অনুসারে কুমিরের সঙ্গে এই সম্পর্কের সূচনা সেই পনেরো শতকের দিকে। গোটা গ্রামটি বড় এক খরার মুখে পড়েছিল তখন। এ সময়ই কুমিরেরা গ্রামের নারীদের পানিপূর্ণ গুপ্ত এক পুকুরের কাছে নিয়ে যায়। সেখানেই পিপাসা মেটায় গ্রামবাসী। বিষয়টি উদ্যাপন ও কুমিরদের ধন্যবাদ জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী। কুম লাকরে নামের এ ধরনের একটি উৎসব হয়। এখন হয় প্রতিবছর। সেখানে কুমিরকে নানা ধরনের খাবার দেওয়া হয় উপঢৌকন হিসেবে। তেমনি নিজেদের স্বাস্থ্য, উন্নতি ও ভালো ফসলের জন্য প্রার্থনা করে গ্রামবাসী।
কুমির একটি প্রাণী, যেটি সাধারণত ভীতি তৈরি করে মানুষের মধ্যে। গোটা পৃথিবীতে প্রতিবছর মোটামুটি হাজার খানেক মানুষ মারা যায় কুমিরের আক্রমণে। এর প্রায় তিন ভাগের এক ভাগ আফ্রিকা মহাদেশে। প্রাণীটিকে আফ্রিকার বেশির ভাগ বড় নদীতে পাওয়া যায়। আক্রমণ হঠাৎ হঠাৎ হলেও মানুষ সতর্ক থাকে। তবে বাজৌলির কুমিরেরা মোটেই অন্য কুমিরদের মতো নয়।
বাজৌলির এই কুমিরদের নীল ক্রোকোডাইলের দূর সম্পর্কের আত্মীয় বলতে পারেন। ক্রোকোডিলাস সুচাস নামের আলাদা একটি প্রজাতি তারা। ওয়েস্ট আফ্রিকান ক্রোকোডাইল বা পশ্চিম আফ্রিকান কুমির নামেও এরা পরিচিত।
আসল ব্যাপার হলো, শত শত বছরের পারস্পরিক সহযোগিতার কারণেই এই গ্রামে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কুমিরদের প্রিয় খাবার মুরগি-মাছ খেতে দেয়। বিনিময়ে কুমিরও তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে। স্থানীয় বাসিন্দা পিটার যেমন বলেন, ‘আমাদের কুমিরেরা মানুষকে খায় না। বরং তারা গ্রামকে রক্ষা করে। পুকুরে ২০০ কুমির আছে, কিন্তু বাচ্চারা সেখানে সাঁতার কাটে কোনো সমস্যা ছাড়াই।’
মজার ঘটনা, এখনে কুমির মারা যাওয়ার পর অনুষ্ঠান এমনকি গোরও দেওয়া হয় তাদের। গ্রামবাসী বিশ্বাস করে, গ্রামে কোনো দুর্ঘটনা বা অশুভ ঘটনা ঘনিয়ে এলে কেঁদে ওঠে কুমিরেরা। তখন কুমিরদের খাবার দেওয়াসহ নানা আচার পালন করা হয় গ্রামটিকে বিপদ থেকে দূরে রাখতে।
কুমির আর গ্রামবাসীদের এমন সম্পর্কের কথা শুনে দূর-দূরান্ত থেকে পর্যটকেরা আসেন। এতে এখানকার মানুষেরও দু-পয়সা রোজগার হয়। ‘একটু দূর থেকে দেখতে দারুণ লাগে। তবে পিঠে চড়ে বসাটা কেমন উদ্ভট লাগে।’ বলেন বুরকিনা ফাসোতে দাদা-দাদিকে দেখতে আসা ফরাসি তরুণ টমাস বাসপিন।
তবে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে গ্রামটির ওপরও। বৃষ্টিপাতের পরিমাণ কমছে এই এলাকায়। কুমিরের বাসা হিসেবে পরিচিত বিখ্যাত পুকুরটিতেও পানি কমে যায় কোনো কোনো ঋতুতে। যদি কখনো এটি শুকিয়ে যায়, তবে সরীসৃপ বন্ধুরা কি আবার মানুষকে দেবে নতুন পুকুরের সন্ধান?
সূত্র: ট্রিলম্যাগ ডট কম, এনডিটিভি, এমিউজিং প্ল্যানেট

ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
১৪ ঘণ্টা আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
১ দিন আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৫ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৬ দিন আগে