দেশের জ্বালানির চাহিদা মেটাতে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এক কার্গো সমপরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি আমদানির চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, সভায় মোট ১৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চার কার্গো এলএনজি আমদানি করা হবে।
জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে এসব এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১৪ কোটি টাকা। তিন কার্গো এলএনজি আসবে সিঙ্গাপুর থেকে, বাকি এক কার্গো সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কোম্পানি।
এর আগে গত ফেব্রুয়ারিতে গ্যাসের চরম সংকটের মুখে পড়ে সাত মাস বন্ধ থাকার পর স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার উদ্যোগ নেয় সরকার।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এ বছর দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে ৫৬ জাহাজ এবং স্পট মার্কেট থেকে আরও ১২ জাহাজ এলএনজি আমদানি করা হবে।
সাঈদ মাহবুব খান জানান, রেলপথ মন্ত্রণালয়ের ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের পরামর্শক ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ এক বছর বাড়ায় ব্যয়ও বেড়েছে ৩০১ কোটি ৪১ লাখ টাকা।
ক্রয় কমিটির সভায় কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সার কেনার কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড কেনা হবে ১৮৪ কোটি ৬৪ লাখ টাকায়। বিসিআইসির মাধ্যমে কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে ৯৫ কোটি ৩২ লাখ টাকায়। বিসিআইসির মাধ্যমে দেশীয় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে ১০৫ কোটি ১৪ লাখ টাকায়।
কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৮ কোটি ৫৯ লাখ টাকায়, কানাডা থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে ২২৬ কোটি ১৬ লাখ টাকায়, তিউনিসিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার ১০৫ কোটি ৭৩ লাখ টাকায় এবং মরক্কোর থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে ১৩২ কোটি ৬৭ লাখ টাকায়।

রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং কঠোর রাজস্ব ও মুদ্রানীতির সম্মিলিত প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল হয়ে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক মূল্যায়নে বলেছে, এই তিনটি উপাদান মিলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান চাপ...
৫ ঘণ্টা আগে
সরকারের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির বিপরীতে আয়ের গতি স্পষ্টতই মন্থর, আর সেই চাপ সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা বাড়ছে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) বলছে, এই পরিস্থিতিতে সরকার কার্যত নতুন টাকা ছাপিয়ে ব্যয় মেটানো শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাস্পয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে।
৯ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আসন্ন অর্থবছরে তামাকজাত পণ্যে নতুন করে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।
৯ ঘণ্টা আগে