
চলমান কৃষি সেচ মৌসুম, আসন্ন রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা মেটানোর জন্য স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া এরই মধ্যে গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধানমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালে দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট। ২০১৮ সালে উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট। আর বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট।’
সরকারপ্রধান বলেন, ‘চলমান কৃষি সেচ মৌসুম, আসন্ন রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের বর্ধিত চাহিদা মেটানো, শিল্প খাতে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা এবং রপ্তানিমুখী বিভিন্ন কলকারখানার নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখার উদ্দেশ্যে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানিপূর্বক সেই বর্ধিত চাহিদা পূরণ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সে কারণে সরকার অন্যান্য ভোক্তাশ্রেণিকে অপরিবর্তিত রেখে শুধু বিদ্যুৎ, শিল্প, ক্যাপটিভ বিদ্যুতে ও বাণিজ্যিক খাতে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই খাতসমূহে গ্যাসের চাহিদা মেটানোর জন্য স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।’
সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর নজর কেড়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আমাদের সরকার সার ব্যবস্থাপনা সংস্কার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রাকৃতিক দুর্যোগে প্রণোদনা প্রদান এবং সারসহ কৃষি উপকরণে উন্নয়ন সহায়তা প্রদান করছে।’
দেশে আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কৃষকদের সহায়তার লক্ষ্যে স্বল্প সুদে কৃষিঋণের ব্যবস্থা, সাশ্রয়ী মূল্যে সার, উন্নত জাতের বীজ ও সেচের ব্যবস্থা করা হচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারি অভিঘাত ও বৈশ্বিক সংকট সত্ত্বেও কৃষির উন্নতি ও আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দার সম্ভাবনা-সম্পর্কিত বৈশ্বিক পর্যবেক্ষণ বিষয়ে সরকার সতর্ক দৃষ্টি রাখছে এবং সম্ভাব্য মন্দার প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। রাজস্ব নীতি ও মুদ্রানীতিসমূহের মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
উৎপাদনশীল ও সামাজিক সুরক্ষা খাতে প্রয়োজনীয় সম্পদ প্রবাহ অব্যাহত রাখার উদ্দেশ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় হ্রাসের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আয়বর্ধক উৎপাদনশীল খাতে সম্পদ প্রবাহ অব্যাহত থাকলে ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগণের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা সম্ভব হলে অর্থনৈতিক মন্দার প্রভাব অনেকাংশে প্রশমন ও এড়িয়ে চলা সম্ভব।’

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪০ মিনিট আগে
মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
৪২ মিনিট আগে
আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
২ ঘণ্টা আগে