ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁদের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।
আজ রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এসি (প্রসিকিউশন) ফরিদুর রহমান।
এ দুই আসামিসহ ১৪ জঙ্গিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে অন্য একটি মামলায় হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে তাঁদের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে আদালতের সিঁড়ি থেকে পালিয়ে যান তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই দুই আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। রোববার দুপুর ১২টার দিকে মামলার হাজিরা দেওয়ার পর সিঁড়ি দিয়ে নামানোর সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে ছুড়ে তাঁদের নিয়ে পালিয়ে যান সহযোগীরা। বাইরে অপেক্ষা করা দুটি মোটরসাইকেলে করে তাঁরা চলে যান।
২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ফয়সাল আরেফিন দীপন।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। গত ১০ ফেব্রুয়ারি মামলার রায়ে আসামিদের সবার মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।
আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাঁরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
এই সম্পর্কিত আরও পড়ুন:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুর দেড়টার দিকে তাঁকে আটক করে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের একটি টহলদল...
২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে ১১ বছরের শিশু গৃহকর্মী রিক্তা মণিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁদের...
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভাপতি পরিচয়ে আটক হওয়া লোকমান হোসেনকে প্রায় ১৩ ঘণ্টা পর বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। বিএনপি নেতাদের দাবি, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটিতে যোগ দিয়েছেন।
২৬ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৫ কর্মদিবসে মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২৮ মিনিট আগে