প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে পুরান ঢাকার প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল ও উদ্ধারকাজের জন্য সড়ক উন্মুক্ত রাখতে হবে।
আজ রোববার রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসি এ সভার আয়োজন করে।
সভায় পুরান ঢাকার অগ্নিঝুঁকি, সড়ক দখল, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা এবং ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়গুলো নিয়ে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা।
সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপন করলেই হবে না, সেগুলো সচল আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা জরুরি।
ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ ও গ্যাসলাইনের নিরাপত্তা পরীক্ষা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে কর্মীদের সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং পণ্যসামগ্রী রাখার কারণে যান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, সড়ক দখল করে রাখলে স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি দুর্ঘটনার সময় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হয়।
সভায় মৌলভীবাজার, চকবাজার, সোয়ারীঘাট ও সদরঘাটের ব্যবসায়িক ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, শুধু সমস্যার কথা না বলে সমাধানের পরামর্শও দিতে হবে।
মতবিনিময় সভায় প্রশাসক জানান, পুরান ঢাকার ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও সড়কের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সড়কবাতি সচল রাখা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে এলাকার পরিবেশ উন্নয়নে সিটি করপোরেশন কাজ করবে।
নির্বাচিত কাউন্সিলর না থাকায় নগরের সামাজিক ও নাগরিক সমস্যা সমাধানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েত ব্যবস্থা’ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে এলাকার সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া সহজ হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









