শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার অনিয়ম ও দুর্নীতি রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘সর্ষের মধ্যে ভূত থাকলে তা তাড়ানো হবে। কেউও আইনের ঊর্ধ্বে নয়।’
আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সর্ষের মধ্যে ভূত থাকলে তা তাড়ানো হবে। কেউও আইনের ঊর্ধ্বে নয়। যে সংস্থার (ডিআইএ) দুর্নীতি ও অনিয়ম রোধ করার জন্য কাজ করার কথা সেটির মধ্যেও দুর্নীতির বীজ থাকতে পারে। এবং যদি তা থাকে তাহলে সেটি তাড়াবার জন্য আমরা সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকবো।’
ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিইআরএফ সভাপতি মুস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক এসএম আব্বাস উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা হবে। বলেন, যে কোনো আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেক ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের ওপর। বাবা-মায়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। মাধ্যমিকের দুই লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে দুজন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর সময় পরিবর্তন হচ্ছে না জনিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরুর সময় পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে না। স্কুল-কলেজের শুরু ও ছুটির সময় পরিবর্তন করা হলে পরে সেটি পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। আগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করার কথা ছিল। সেটি এখন থেকেই কার্যকর করা হয়েছে।’
স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবারের বদলে বৃহস্পতিবার-শুক্রবার কেন করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় থাকেন না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। এটি আমাদের প্রস্তাবনায় থাকলেও সেটি বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।’
হলিক্রসের শিক্ষার্থী নিহতের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের কাছে এখানো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে। নিহত শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করেছিল। পরিবারে এ নিয়ে এক ধরনের চাপ ছিল। সামাজিকভাবেও এক ধরনের চাপ তৈরি হয়। এসব কারণে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।’
সাম্প্রতিক সময়ের ঘটনার দিকে ইঙ্গিত করে দীপু মনি বলেন, ‘বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে, আমরা এখন রোবোটিক্স সায়েন্স নিয়ে কথা বলবো, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো; এখন নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলার সময় নয়। কপালে টিপ আছে, কি নেই— এটা নিয়ে প্রশ্ন হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘কোনও কোনও প্রতিষ্ঠানে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। কিছুদিন আগে একবার টিপ নিয়ে এক ধরনের কথা হলো। এখন আবার নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে। এগুলো বাংলাদেশে মিমাংসীত বিষয় ছিল। কোন স্বার্থে, কার স্বার্থে এবং কারা এগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করছে, অমিমাংসীত করছে?’
এ সময় ইরাবের উপদেষ্টা রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মুসতাক আহমেদ, সহসভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ আবদুল হাই তুহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন ভূমি অফিস ও এসি ল্যান্ড কার্যালয়ে নামজারি করতে গিয়ে সাধারণ মানুষ দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত অর্থ দাবির কারণে হয়রানির শিকার হচ্ছেন—সংসদে এমন অভিযোগ তুলেছেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হক।
১ ঘণ্টা আগে
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ করা হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের প্রধান গেটের নামকরণ করা হয়েছে এম এ জি ওসমানীর নামে।
১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এ-সংক্রান্ত নির্দেশনার বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে।
২ ঘণ্টা আগে
পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, যেকোনো বড় প্রতিষ্ঠানে ১ শতাংশের কম সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকা অস্বাভাবিক নয়; বরং এটি একটি নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার ইঙ্গিত দেয়। এই হার থেকে বোঝা যায়, বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি ও শৃঙ্খলা রক্ষা কার্যক্রম কার্যকর রয়েছে।
৩ ঘণ্টা আগে