
বৃহস্পতিবার মধ্যরাত থেকে দৌলতদিয়ায় দুটি ঘাট ও পাটুরিয়ায় একটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। কিছুদিন আগেও পর্যাপ্ত ফেরি থাকলেও বেশ কিছুদিন বহরে থাকা ২০টি ফেরির মধ্যে ২টি ফেরি বিকল হয়ে আছে। ফলে ফেরি ঘাট থেকে মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস দীর্ঘ সিরিয়ালে রয়েছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে চারটি চালু ছিল। পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনের ওপর পানি উঠতে থাকে। পন্টুনে পানি উঠতে থাকায় ফেরিতে যানবাহন উঠানামা বন্ধ হয়ে গেলে ঘাট দুটি বন্ধ রাখা হয়। এছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় মোট ২০টি ফেরি রয়েছে। তার মধ্যে ২টি ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য পাটুরিয়ার মধুমতি ডকইয়ার্ডে রয়েছে।
আজ শুক্রবার সরেজমিনে ভোর সাড়ে ৬টা থেকে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকাজুড়ে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে গাড়ির চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সিরিয়ালে আটকে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। চালু থাকা ৩ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে ও ৭ নম্বর ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্তে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ৬ নম্বর ঘাট দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ১০টার পর থেকে ঘাট মেরামতের কাজ শুরু হয়েছে।
দর্শনা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স (ডিডি) পরিবহনের চালক মিজানুর রহমান ৭ নম্বর ফেরি ঘাটে আলাপকালে বলেন, আমাদের গাড়িটি রাত সাড়ে ১২টার সময় জামতলা এসে সিরিয়ালে আটকা পরে। কচ্ছপ গতিতে সামান্য একটু সামনে যাওয়ার পরেই জানতে পারেন পন্টুনে পানি ওঠার কারণে দুটি ঘাট বন্ধ হয়ে গেছে। সাত ঘণ্টা সিরিয়ালে আটকে থেকে তাঁদের গাড়ি ফেরির দেখা পেয়েছে বলে তিনি জানান।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ট্রাকচালক ইসলাম খান বলেন, জীবনটাই এখন ট্রাকের ভেতরে পার করতে হচ্ছে, আমাদের কষ্টের কথা বলে কী লাভ, এসব বলে কোন লাভ হবে না। ঘাটে এলে ভোগান্তিতে পড়তেই হবে, তা ছাড়া বর্তমানে ঘাটে দালালদের কারণে বেশি সমস্যা হচ্ছে, এসব বিষয়ে সবাই জানে কিন্তু কোনো পদক্ষেপ কেউ নেয় না।
ইসলাম খানের মতো দৌলতদিয়া প্রান্তে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরির নাগাল পেতে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অপচনশীল পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানগুলো পার হতে সবচেয়ে বেশি সময় লাগছে। সিরিয়ালে শতাধিক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘাট স্বল্পতার কারণে দৌলতদিয়ায় যানজট তৈরি হচ্ছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, হঠাৎ করেই দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট ও পাটুরিয়া প্রান্তে একটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ঘাট দুটি দ্রুত সংস্কার করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে। ঘাট দুটি চালু হলে যানবাহনের সিরিয়াল কমে যাবে বলে তিনি জানান।
এছাড়াও বর্তমানে ২০টি ফেরির মধ্যে ২টি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। মেরামত শেষে বহরে ফিরে এলে এই নৌরুটে ফেরির কোন সংকট থাকবে না। তিনি আরও বলেন, কাঁচামাল ও ফলের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বো থেকে আসা নূর হোসেন (৪৮) নামের এক যাত্রী সাইকেলের পার্টসের ঘোষণা দিয়ে বিদেশি এয়ারগানের পার্টসসহ ধরা পড়েছেন।
১ মিনিট আগে
দুর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার বলেন, দীর্ঘ তদন্তের পর রইছ উদ্দিন শ্যামল এবং তাঁর স্ত্রী হাসিনা খাতুনের নামে মামলা করেন দুদকের উপপরিচালক শাহাদাত হোসেন। তাঁদের বিরুদ্ধে চার্জশিট কমিশনে পাঠানো হয়েছে। অচিরেই তা অনুমোদন হয়ে এলে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে।
৪১ মিনিট আগে
বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি উপজেলা সদর বাসস্টেশন এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নগরী। খুনিদের গ্রেপ্তারে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটাম ও স্থানীয় সংসদ সদস্যের কড়া হুঁশিয়ারির মুখে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে