
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ছুটির শেষ দিন হওয়ায় আজ শনিবার ঢাকামুখী মানুষের চাপ বেশি। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
সড়কে ভোগান্তি এড়াতে এবার ট্রেনে চাপ বেড়েছে। তবে টিকিট পেতে সবাইকেই বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যেসব ট্রেন এসেছে, প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে যাত্রীতে ঠাসা, ছাদেও ঝুঁকি নিয়ে প্রচুর যাত্রী আসতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন কারণে ঢাকায় ঈদ উদ্যাপন করেছেন যাঁরা তাঁরা এখন বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যা ফিরে আসার তুলনায় অনেক কম।
এদিকে বহু চেষ্টায় ট্রেনের টিকিট পেলেও সিট না পাওয়ায় ঢাকায় আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
হাসান ইমাম নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল অফিস শুরু হচ্ছে, তাই আজই চলে এলাম। ঈদের ছুটি শেষে কিছুটা আরামেই ঢাকা এসেছি। তবে ট্রেনের মধ্যে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ভোগান্তি হয়েছে। তা ছাড়া ট্রেনের টিকিটও পাওয়া যায় না। তবে যাত্রাপথে বড় কোনো সমস্যা হয়নি। আমাদের ট্রেন যথাসময়েই রংপুর থেকে ঢাকা এসেছে।’
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি সবারই ঈদের ছুটির শেষ দিন আজ। কাল রোববার থেকে সব অফিস আদালত পুরোদমে শুরু হচ্ছে, এ কারণেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে ট্রেনে। আমাদের সবগুলো ট্রেন যাত্রী নিয়ে সময়মতো ঢাকায় এসেছে এবং ছেড়ে যাচ্ছে। এবার ঈদে মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। সবাই ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছেন এবং ফিরে আসছেন।’
অপরদিকে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাস থেকে নেমে গন্তব্যগামী মানুষের স্রোত দেখা গেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে ফেরিঘাটেও চাপ বেড়েছে।
করোনাভাইরাসের কারণে গত দুই বছর মানুষ উৎসব করে ঈদ পালন করতে পারেননি। সে কারণে এবার পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করার আনন্দটা একটু বাড়তিই ছিল সবার মাঝে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লাখো মানুষ ছুটে গিয়েছিলেন নাড়ির টানে।
গত মঙ্গলবার ৩ মে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। এবার ঈদের চার দিন ছুটির সঙ্গে আগের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ছয় দিন ছুটি কাটানোর সুযোগ পান চাকরিজীবীরা। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা ঐচ্ছিক ছুটি হিসেবে বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিয়েছেন আর বেসরকারি খাতের চাকরিজীবী যাঁরা ছয় দিনের সঙ্গে এক দিন ছুটি নিতে পেরেছেন তাঁদের ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ (৭ মে)। আগামীকাল রোববার কাজে যোগ দেবেন তাঁরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে