
স্রোতের অনুকূলে গা ভাসালে চাকরি হারাতেন না বলে দাবি করেছেন সদ্য চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। আজ বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে তিনি এ কথা বলেন।
চাকরি হারানোর পর পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বলতে গেলে এখন একপ্রকার লুকিয়ে আছি। কখন আবার গুম হয়ে যাই।’
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির পেছনে নির্দিষ্ট কোনো কারণ দেখায়নি দুদক। পরে সারা দেশে এ নিয়ে তোলপাড় শুরু হলে দুদক সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শরীফ দুদকের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাঁর বিরুদ্ধে কয়েকটি বিভাগীয় মামলা আছে। ভাবমূর্তি রক্ষায় শরীফকে চাকরিচ্যুতি করা হয়েছে।’ তবে শরীফ বুঝতে পারছেন না কীভাবে তিনি ভাবমূর্তি নষ্ট করেছেন।
শরীফ বলেছেন, উল্টো তিনি দুদকের ভাবমূর্তি বাড়ানোর কাজই করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম ও কক্সবাজারের সক্রিয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পে জালিয়াতি করে টাকা নষ্ট ও অপচয় করা এবং আত্মসাৎকারীদের ধরেছি। আমি তো বুঝতে পারছি না, কীভাবে ভাবমূর্তি নষ্ট করেছি!’
শরীফ রাষ্ট্রের হর্তাকর্তাদের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, ‘দেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার দেশপ্রেমের চেতনাকে নষ্ট করে দিয়েন না। আমি দেশের জন্য কাজ করতে চাই।’
হঠাৎ চাকরিচ্যুতির পেছনে কিছু সন্দেহের কথা বলেছেন শরীফ। শরীফ বলেন, ‘চট্টগ্রামে কর্মরত থাকার সময় চাঞ্চল্যকর এবং স্পর্শকাতর মামলা তদন্ত এবং অভিযোগের অনুসন্ধান করেছি। তার প্রেক্ষাপটে প্রভাবশালী চক্রের রোষানলে পড়ি। একপর্যায়ে স্রোতের অনুকূলে গা না ভাসানোর কারণে তাঁরা আমাকে গত ৩০ জানুয়ারি বাসায় এসে হুমকিও দেয়। বিষয়টি আমি মাননীয় কমিশন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। ওই সময় হুমকিদাতারা বলেছিলেন, আমাকে এক সপ্তাহের মধ্যে চাকরিচ্যুত করবেন। তবে আমার সৌভাগ্য এক সপ্তাহ নয়, তাঁরা ১৬ দিনের মাথায় আমার চাকরিটা খেল!’
অসাংবিধানিকভাবে চাকরিচ্যুতি করা হয়েছে উল্লেখ করে শরীফ বলেন, ‘কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কোনো কাজ করিনি। বরং আমি দেশের কল্যাণে কাজ করেছি। রোহিঙ্গা এনআইডি, ভূমি জালিয়াতি, কর্ণফুলী গ্যাসের সংযোগ বাণিজ্য ও মেডিকেলের স্বাস্থ্য থেকে শুরু করে দেশের অনেক বড় বড় কাজ করেছি। প্রায় ৫০ কোটি টাকার ওপর অবৈধ টাকা জব্দ করেছি। এতে তো কমিশনের ভাবমূর্তিই বাড়ার কথা। আমি গড্ডলিকাপ্রবাহে গা ভাসাইনি। এ কারণে দুর্নীতিবাজ প্রভাবশালীদের ইন্ধনে হয়তো আমাকে বদলি ও চাকরিচ্যুত করা হলো।’
চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। কমিশনের নিকট আবেদন জানাচ্ছি, চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক।’

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৩ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে