Ajker Patrika

জন্মগত বৈষম্যের দেয়াল যিনি ভেঙেছিলেন

ফিচার ডেস্ক
জন্মগত বৈষম্যের দেয়াল যিনি ভেঙেছিলেন

বিশ্বখ্যাত মার্কিন সাংস্কৃতিক নৃবিজ্ঞানী মার্গারেট মিড। তিনি সমাজবিজ্ঞান ও লৈঙ্গিক সমতা নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাঁর মূল মতবাদ ছিল, পুরুষ বা নারীর আচরণ ও লিঙ্গভিত্তিক ভূমিকা কোনো জৈবিক বা জন্মগত বিষয় নয়; বরং তা পুরোপুরি সমাজ ও সংস্কৃতি দ্বারা নির্মিত। শিক্ষাজীবনে তিনি বিশিষ্ট নৃবিজ্ঞানী ফ্রাঞ্জ বোয়াস এবং রুথ বেনেডিক্টের সরাসরি সান্নিধ্যে আসেন, যা তাঁর গবেষণাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

পাপুয়া নিউগিনির আদিবাসী সমাজে মাঠপর্যায়ে গবেষণা পরিচালনা করেছিলেন মার্গারেট মিড। সেই গবেষণার ওপর ভিত্তি করে লেখা তাঁর বিখ্যাত গ্রন্থ ‘সেক্স অ্যান্ড টেম্পারমেন্ট ইন থ্রি প্রিমিটিভ সোসাইটিজ’। সেখানে তিনি দেখান, সংস্কৃতিভেদে লৈঙ্গিক ভূমিকা কীভাবে বদলে যায়; যেমন আরাপেশ সমাজে উভয় লিঙ্গই কোমল ও শান্তিপূর্ণ, মুন্দুমোরে সবাই আক্রমণাত্মক এবং চাম্বুলি সমাজে নারীরা প্রভাবশালী ও পুরুষেরা অন্তর্মুখী। মিডের মতে, সমাজে পুরুষ ও নারীর ক্ষমতার অসম বণ্টন প্রকৃতির নিয়ম নয়; বরং মানবসৃষ্ট সংস্কৃতির ফল। সুতরাং সংস্কৃতির কাঠামো পরিবর্তন করে সমতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর এই তত্ত্বগুলো পরে আধুনিক নারীবাদী আন্দোলন এবং জেন্ডার স্টাডিজের পথ প্রশস্ত করে।

আধুনিক সমাজ ও নারীর সামাজিক বিকাশ বুঝতে তাঁর কাজ আজও বিশ্বজুড়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মার্গারেট মিড ১৯১৯ সালে যুক্তরাষ্ট্রের ডি ডিপাউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে ১৯২৩ সালে বার্নার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মিডের জন্ম ১৯০১ সালের ১৬ ডিসেম্বর। ১৯৭৮ সালের ১৫ নভেম্বর তিনি নিউইয়র্ক সিটিতে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত