Ajker Patrika

কালীগঙ্গার বুকে নারীদের রাঙা পাল

আব্দুর রাজ্জাক ঘিওর, মানিকগঞ্জ
কালীগঙ্গার বুকে নারীদের রাঙা পাল

নদীর বুকে এগিয়ে চলা নৌযান, দুই তীরে চেনা রূপ আর ভেতরে একঝাঁক আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। চোখে সম্ভাবনার আলো এবং মনে নিজেদের উদ্যোগ বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার স্বপ্ন। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গত সোমবার এমন এক ভিন্নধর্মী নৌযাত্রায় উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছেন অর্ধশত নারী উদ্যোক্তা।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুধু আনন্দ-ভ্রমণে সীমাবদ্ধ ছিল না। দিনভর বৈচিত্র্যময় আলোচনায় উঠে আসে নিজেদের উদ্যোগ সুসংগঠিত করা, দেশীয় পণ্যের প্রসার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বড় বাজারে পৌঁছানোর অঙ্গীকার। নৌযানে ছিল নাশতা, সুর-সংগীত এবং নারীদের হাতে তৈরি অন্তত ২৫ পদের ঐতিহ্যবাহী পিঠাপুলি। অনুষ্ঠানে উইয়ের মানিকগঞ্জ জেলা সমন্বয়ক ও উদ্যোক্তা শারমিন আক্তার এ্যানী বলেন, ‘আমরা নারী, আমরাই পারি। আমার স্বপ্ন নিজের উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানিকগঞ্জের ঐতিহ্য ও দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমি বিশ্বাস করি, একজন নারী এগিয়ে গেলে পরিবার এগিয়ে যায়, আর অনেক নারী একসঙ্গে এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়।’

সংগঠনটির গুরুত্ব তুলে ধরে উইয়ের সদস্য ঈশিতা জান্নাত বলেন, ‘উই শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি নারীদের স্বপ্নপূরণ ও আত্মনির্ভরশীলতার সাহস। এখানে একজনের সাফল্য অন্যজনের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে ওঠে।’ অন্যতম সদস্য শাম্মী আক্তার লিয়া ও মুন্নী রহমান নারী উদ্যোক্তাদের এই ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়কে ব্যবসার নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। অনলাইন বাণিজ্য ও ই-কমার্সের ইতিবাচক প্রভাব কাজে লাগিয়ে নিজেদের পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং অন্য নারীদের পথচলায় সাহস জোগানোর অঙ্গীকার নিয়ে শেষ হয় কালীগঙ্গার এই ব্যতিক্রমী মিলনমেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত