আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ায় শুরু হওয়া এক ইয়ট রেসে অংশ নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিয়েছে অলি। কারণ সে একটি বিড়াল।
সিডনি থেকে হোবার্ট পর্যন্ত হওয়া ইয়টের এই প্রতিযোগিতার শুরু ১৯৪৫ সালে। তরপর থেকে অনেক বিখ্যাত প্রতিযোগীকেই এটি আকৃষ্ট করেছে। এতে অংশগ্রহণকারীদের তালিকায় আছেন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি মাইকেল ক্লার্ক এমনকি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ। কিন্তু এই প্রতিযোগিতায় বিড়াল গোত্রের কোনো প্রাণী কখনোই নাম লেখায়নি।
এটি ঠিক যে প্যাসেঞ্জার কবুতরদের জলযান থেকে ডাঙায় বার্তা পাঠাতে ব্যবহার করা হতো একসময়। বিভিন্ন সময় এদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বোটের ডেক অলংকৃত করতে দেখা গেছে। কিন্তু বিড়াল এই রেসে অংশ নেওয়ার এটিই প্রথম নজির।
তবে অলির মালিক বব উইলিয়ামস জানিয়েছেন, কোনো ধরনের রেকর্ড গড়ার বা ইতিহাসে প্রথম হওয়ার উদ্দেশ্য নেই তাঁদের। বিড়ালটি সিল্ফ ৬ বোটের একটি আসবাবের মতোই। একে তীরে রেখে এমন একটি অভিযানে অংশ নেওয়ার কথা কল্পনাও করতে পারেন না তিনি।
‘আমি অনেক ধরনের পাগলামি করেছি। তবে এটি এগুলোর মধ্যে পড়ে না।’ রেসের আগে বিবিসিকে বলেন উইলিয়ামস।
এদিকে কোনো ধরনের প্রাণীর অংশ নেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই রেসের নিয়মকানুনের মধ্যে। তা ছাড়া বিড়ালদের সাগরযাত্রার প্রচুর অভিজ্ঞতা আছে বলে জানিয়েছে প্রতিযোগিতাটির আয়োজক ক্রুজিং ইয়ট ক্লাব অব অস্ট্রেলিয়া।
‘রোলেক্স সিডনি হোবার্টের চমৎকার বিষয় হলো রেসে আকর্ষণীয় সব চরিত্রের অংশগ্রহণকারীর উপস্থিতি এবং বোটের বৈচিত্র্য।’ বলেন ক্লাবটির কমোডর আর্থার লেন।
যখন বেশির ভাগ চোখ থাকবে ২৪ জন ক্রুর দ্রুতগতির ও বিশালাকার ইয়ট সুপার ম্যাক্সিসের দিকে। এদিকে ১৯৬০ সালে তৈরি একটি ১২ মিটার বা ৪০ ফুট দৈর্ঘ্যের সিল্ফ ছোট জলযানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
উইলিয়ামস জানান, এক বন্ধু নৌকাটি পরিচালনার দায়িত্বে আছেন তাঁর সঙ্গে।
সিল্ফ ৬ নামের জাহাজটির জন্য এই প্রতিযোগিতা নতুন নয়। কয়েক দশক আগে ছয়টি সিডনি টু হোবার্ট রেসে এটি অংশ নিয়েছে। তবে উইলিয়ামসের জন্য এই রেসে এটিই প্রথম অংশগ্রহণ। তবে তাঁর এবং অলির সাগরে প্রচুর অভিজ্ঞতা রয়েছে।
অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা বব উইলিয়ামসের জীবনের বড় অংশ কেটেছে সাগরে। সম্প্রতি সাগরে এক বিশ্ব ভ্রমণের বেশির ভাগ সময় তাঁর সঙ্গী ছিল বিড়ালটি। বয়স ১০ ছুঁই ছুঁই অলি পাঁচ বছর আগে উইলিয়ামসের সঙ্গে যোগ দেয়। দ্রুতই সে সাগরের সঙ্গে মানিয়ে নেয়।
‘সে আগে সি-সিকনেছে আক্রান্ত হতো। কিন্তু শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও এখন সে অনেক ভালো আছে। এই জীবন বেশ উপভোগও করছে সে।’ উইলিয়ামস বলেন।
সাধারণ বোটের ককপিটে বিশ্রাম নিতে কিংবা মৃদু মিউ মিউ স্বরে ডাকতে দেখা যায় বিড়ালটিকে।
‘সে খুব বিচক্ষণ। যখনই সাগর ফুঁসে ওঠে, সে গুটিসুটি মেরে শুয়ে থাকার জন্য নিচের নিরাপদ কোনো জায়গা খুঁজে নেয়।’ বলেন উইলিয়ামস।
কয়েক দিন ধরে হওয়া এ রেসের প্রতিযোগীদের কাছে বৈরী আবহাওয়া খুব সাধারণ এক ব্যাপার। ৬৩০ নটিক্যাল মাইলের (১ হাজার ১৬৬ কিলোমিটার) লম্বা দূরত্বে সাগর কখন কেমন আচরণ করবে আগে থেকে নিশ্চিত করা মুশকিল। কখনো কখনো পরিস্থিতি খুব বিপজ্জনকও হয়ে ওঠে। এ ক্ষেত্রে ২৫ বছর আগে হওয়া রেসটির উদাহরণ দেওয়া যায়।
১৯৯৮ সালে ভয়াবহ এক ঝড়ের মুখোমুখি হতে হয় প্রতিযোগীদের। পাঁচটি নৌকা বা জাহাজ ডোবার পাশাপাশি ছয় নাবিকের মৃত্যু হয় সেবার। এ বছরও জলযানগুলো বজ্রঝড়, ঝোড়ো হাওয়া এমনকি কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির মুখোমুখি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সবকিছু মিলিয়ে প্রতিবছর এই রেসটির দিকে নজর থাকে ভক্তদের। আর এবার যে ববি উইলিয়ামসের বিড়ালটি অলি এতে বাড়তি আকর্ষণ যোগ করেছে, তাতে সন্দেহ নেই।

ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
১ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
২ দিন আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৫ দিন আগে