
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
গত বুধবার (১৬ এপ্রিল) এক ব্লগ পোস্টে নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় টিকটক। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা যোগ করতে পারবেন, যাতে বিষয়বস্তু আরও ভালোভাবে বোঝা যায়। টিকটকের ভাষায়, এটি তাদের বিদ্যমান তথ্য যাচাইকরণ কার্যক্রম ও কনটেন্ট লেবেলের মতো উদ্যোগগুলোকে সমর্থন দেবে।
টিকটকের মতে, ফুটনোটস ফিচারটি ভিন্ন মতাবলম্বী ব্যবহারকারীদের মধ্যে ঐকমত্য খুঁজতে সাহায্য করবে। ব্যবহারকারীরা একটি পোস্টের নিচে টীকার মতো নোট যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীরা তা কতটা সহায়ক—তা মূল্যায়ন করবেন। নোটটি নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর কাছে ‘সহায়ক’ হিসেবে বিবেচিত হলেই তা অন্যদের সামনে আসবে। এরপর আরও ব্যবহারকারী সেটির উপযোগিতা নিয়ে মত দিতে পারবেন।
টিকটকের মতে, জটিল বৈজ্ঞানিক বিষয়, বিভ্রান্তিকর পরিসংখ্যান বা চলমান ঘটনাবলির ভিডিওতে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য তথ্য যুক্ত করতে ফিচারটি বিশেষভাবে উপকারে আসবে।
টিকটকের ব্যবহারকারীরা কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে পারবেন। তবে কনট্রিবিউটর হওয়ার শর্ত হলো—অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে এবং টিকটকে অন্তত ছয় মাস ধরে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীর বিরুদ্ধে টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে তিনি এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আগামী মাসগুলোতে পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারকারীদের সামনে আসবে বলে জানিয়েছে টিকটক।
মিথ্যা তথ্য ও ভুয়া খবর ছড়ানোর অভিযোগে অতীতেও সমালোচিত হয়েছে টিকটক। বিশেষ করে স্বাস্থ্য ও নির্বাচনসংক্রান্ত বিষয়বস্তুতে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ ছিল বিশেষজ্ঞদের। নতুন এই ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণে এসব ভুল তথ্য প্রতিরোধে একধাপ এগোতে চায়।
বর্তমানে টিকটক ১৩০টি বাজারে, ৬০টিরও বেশি ভাষায় এবং ২০টিরও বেশি স্বীকৃত তথ্য যাচাইকারী সংস্থার সঙ্গে কাজ করছে। তাদের দাবি, ফুটনোটস ফিচারটি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
তবে এই ‘ফুটনোটস’ ফিচারের আগমনে পুরোনো ফিচারগুলো বন্ধ করছে না টিকটক। সার্চ ব্যানার, ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম, কনটেন্ট লেবেলসহ প্রচলিত ব্যবস্থাগুলো সক্রিয় থাকবে আগের মতোই। এসব ফিচারের সঙ্গে ‘ফুটনোটস’ যুক্ত হলে টিকটক আরও বেশি তথ্য মোকাবিলা করতে পারবে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
৭ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
১১ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
১২ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
১৪ ঘণ্টা আগে