Ajker Patrika

ইতিহাসে প্রথম: আকাশেই ফাঁদ পেতে ধরা হলো মহাকাশ থেকে ফেরা বৃহত্তম রকেট

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০: ৫০
ইতিহাসে প্রথম: আকাশেই ফাঁদ পেতে ধরা হলো মহাকাশ থেকে ফেরা বৃহত্তম রকেট
কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরে স্টারশিপকে ধরে ফেলে বিশাল যান্ত্রিক বাহু। ছবি: স্ক্রিনশট

মহাকাশ ভ্রমণে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির এক দশকের প্রচেষ্টায় ঐতিহাসিক এক মাইলফলক অর্জন করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ২২ ঘণ্টার কক্ষপথ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসা বিশালাকার ‘স্টারশিপ’ মহাকাশযানটিকে প্রথমবারের মতো লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যেই লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেজ’ উৎক্ষেপণ কেন্দ্রের আকাশে ঘন মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে ১৭১ ফুট (৫২ মিটার) উচ্চতার স্টারশিপ মহাকাশযান। নিচে নামার সময় এটি পুনরায় ইঞ্জিন চালু করে নিজেকে উল্লম্ব অবস্থানে নিয়ে আসে এবং ইঞ্জিনের গর্জনের মধ্য দিয়ে ধীরে ধীরে লঞ্চ টাওয়ারের ‘মেকাজিলা’ নামক যান্ত্রিক বাহুর ভেতরে নেমে আসে।

মহাকাশ থেকে বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপে মহাকাশযানটির বাইরের অংশ কিছুটা পুড়ে কালচে হয়ে গেলেও, এটি সফলভাবে ইঞ্জিন বন্ধ করে মাটি থেকে কয়েকশ ফুট ওপরে যান্ত্রিক বাহুতে ঝুলে থাকে। স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুয়ট এই সাফল্যকে ‘মহাকাশ যাত্রার কাঙ্ক্ষিত সাফল্য’ বা ‘হোলি গ্রেইল’ হিসেবে অভিহিত করেছেন।

যেভাবে সম্পন্ন হলো ঐতিহাসিক এই অভিযান

এর আগে গত শুক্রবার টেক্সাসের স্টারবেস থেকে রকেটটির নিচের অংশ ‘সুপার হেভি বুস্টার’-এর সাহায্যে স্টারশিপকে মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বুস্টারটি লঞ্চ প্যাডে ফিরে আসতে ব্যর্থ হওয়ায় এই অভিযানে রকেটের দুটি অংশই উদ্ধার করার পরিকল্পনা সফল হয়নি।

তবে স্টারশিপের ওপরের অংশটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে সাড়ে ২২ ঘণ্টা কক্ষপথে অবস্থান করে। গত শুক্রবার রাতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬১ মাইল (২৬০ কিলোমিটার) উচ্চতায় অবস্থানকালে এটি ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে।

গতকাল শনিবার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পূর্ব দিকে ওড়ার সময় স্টারশিপ একটি ইঞ্জিন চালু করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রক্রিয়া শুরু করে। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে ছুটে চলা মহাকাশযানটি বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপ সহ্য করে দক্ষিণ টেক্সাসের আকাশে সুপারসনিক গতিতে নিচে নামতে থাকে। এরপর এর ডানাগুলো ভাঁজ হয়ে যায় এবং ওপরের অংশের দুটি ছোট হুক লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে আটকে যায়।

সফলভাবে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক এবং স্পেসএক্সের প্রকৌশলীরা মহাকাশযানটি পরিদর্শন শুরু করেন। লঞ্চ টাওয়ারের ছবি ও ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘শিপ ৪২-কে দারুণ দেখাচ্ছে!’

পুনর্ব্যবহারযোগ্য রকেট ও ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমানে বৈশ্বিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে স্পেসএক্সের আধিপত্য মূলত তাদের ‘ফ্যালকন ৯’ রকেটের ওপর নির্ভরশীল। এই রকেট ২০১০ সাল থেকে ৭০০ বারেরও বেশি উৎক্ষেপণ করা হয়েছে। ফ্যালকন ৯-এর প্রথম ধাপের অংশটি পুনর্ব্যবহারযোগ্য হলেও, কক্ষপথে স্যাটেলাইট পৌঁছে দেওয়া দ্বিতীয় ধাপের অংশটি প্রতিবার সমুদ্রে ফেলে দেওয়া হয়।

কিন্তু ইলন মাস্ক স্টারশিপকে এমনভাবে তৈরি করতে চান, যা বাণিজ্যিক উড়োজাহাজের মতো সামান্য মেরামতের মাধ্যমেই বারবার মহাকাশে যাতায়াত করতে পারবে। স্টারলিংক স্যাটেলাইট ব্যবসা সম্প্রসারণ, কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন, চাঁদে মানুষ পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্নের মূল ভিত্তি হলো এই স্টারশিপ।

সামনে আরও যেসব চ্যালেঞ্জ রয়েছে

শনিবারের এই সাফল্য বড় অর্জন হলেও সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থা গড়ে তুলতে স্পেসএক্সের সামনে এখনো বেশ কিছু প্রকৌশলগত চ্যালেঞ্জ রয়েছে, যেমন:

উভয় অংশ একসঙ্গে উদ্ধার: স্পেসএক্স এখনো একই অভিযানে বুস্টার এবং স্টারশিপ—উভয় অংশকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি।

তাপ প্রতিরোধক টাইলস: বায়ুমণ্ডলে প্রবেশের প্রচণ্ড তাপ থেকে মহাকাশযানকে রক্ষা করতে স্টারশিপের গায়ে শত শত কালো ষড়ভুজাকার টাইলস বসানো রয়েছে। এই হিট শিল্ড বা তাপ প্রতিরোধক আবরণ এখনো পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য নয়। স্পেসএক্স এমন নতুন টাইলস তৈরির চেষ্টা করছে, যা প্রতিটি অভিযানের পর খুব সামান্য মেরামত বা কোনো মেরামত ছাড়াই আবার ব্যবহার করা যাবে।

কক্ষপথে জ্বালানি স্থানান্তর: নাসার ‘আর্টেমিস’ কর্মসূচির আওতায় চাঁদে মানুষ পাঠানোর জন্য স্পেসএক্স ৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি পেয়েছে, যার মধ্যে নাসা ইতিমধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার দিয়েছে। স্টারশিপ তৈরিতে স্পেসএক্স নিজেও ১৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। নাসার প্রত্যাশা অনুযায়ী ২০২৮ সালে চাঁদে নভোচারী পাঠাতে হলে স্টারশিপকে কক্ষপথেই একটি ট্যাংকার রকেট থেকে অন্য রকেটে জটিল জ্বালানি স্থানান্তরের সক্ষমতা প্রমাণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত