
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
১ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
১ দিন আগে
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ‘আসক্তিকর অ্যালগরিদম’, যৌন নির্যাতনসহ ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২ দিন আগে