Ajker Patrika

বৈশ্বিক স্ক্রিন টাইমের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন চিত্র

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
বৈশ্বিক স্ক্রিন টাইমের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন চিত্র

ঘুম ভাঙার পর প্রথম কাজ কী—হাতের মুঠোফোনের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে নেওয়া। আর রাতে ঘুমানোর আগের শেষ দৃশ্যটি? ঠিক ওই, নীলচে আলোর পর্দার ওপর আঙুলের অবিরত স্ক্রলিং। আমরা ধরে নিয়েছিলাম, আধুনিক যুগে এই স্ক্রিনপ্রীতি শুধু বাড়বেই, কমার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক ডেটা ও সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইল প্রতিবেদন আমাদের সেই ধারণায় বড় এক ধাক্কা দিয়েছে। দৃশ্যপটে এখন এক অদ্ভুত বৈপরীত্য—বিশ্বের কিছু পরাশক্তি ও বড় বাজারে স্ক্রিন টাইম কমতে শুরু করলেও অন্য প্রান্তে চলছে ডিজিটাল আসক্তির নতুন উৎসব।

তবে এই কমার বা বাড়ার গল্প শুধু প্রযুক্তির হিসাব-নিকাশ নয়, এর গভীরে লুকিয়ে আছে মানুষের মানসিকতা, ক্লান্তি এবং আধুনিক জীবনযাত্রার এক অন্য রূপ।

ডিজিটাল ক্লান্তি জেঁকে বসছে

চমকপ্রদ তথ্যটি এসেছে চীন, রাশিয়া ও ব্রাজিলের মতো বড় বাজারগুলো থেকে। ২০২৫ সালের হিসাব বলছে, এই দেশগুলোতে মোট মোবাইল ব্যবহারের ঘণ্টা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু চীনেই এক ধাক্কায় ১৬৪ বিলিয়ন ঘণ্টা থেকে কমে স্ক্রিন টাইম নেমে এসেছে ১৪৮ বিলিয়ন ঘণ্টায়। অর্থাৎ এক বছরে প্রায় ১০ শতাংশ পতন। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? মনস্তাত্ত্বিকদের মতে, মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম বা অনলাইন ফ্যাটিগ এখন মানুষের বাস্তব জীবন গ্রাস করছে। একটানা নোটিফিকেশন, কাজের চাপ আর ভার্চুয়াল দুনিয়ার অন্তহীন ইঁদুরদৌড়ে মানুষ এবার হাঁপিয়ে উঠছে। একপ্রকার সচেতন বা অবচেতন লগ অফ করার প্রবণতা তৈরি হচ্ছে উন্নত বা বড় অর্থনীতিগুলোতে। তারা বুঝতে পারছে, স্ক্রিনের বাইরের বাস্তব পৃথিবীটা অনেক বেশি স্বস্তির। মানুষ এখন স্ক্রিন টাইম কমিয়ে ঘুম, বই পড়া কিংবা সরাসরি মেলামেশার দিকে ঝুঁকছে।

জনসংখ্যার জয়রথ, নাকি ডিজিটাল ক্ষুধা

অন্যদিকে, মুদ্রার অপর পিঠটি সম্পূর্ণ আলাদা। যেখানে একদল মানুষ স্ক্রিন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, সেখানে ভারত বা ইন্দোনেশিয়ার মতো জনবহুল দেশগুলোতে মোবাইল আর ইন্টারনেটের নেশা শুধু বাড়ছে। ভারত একা একাই ১ দশমিক ২৩ ট্রিলিয়ন ঘণ্টা কাটিয়ে দিয়েছে মোবাইলের স্ক্রিনে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে তিন গুণের বেশি। এখানে প্রযুক্তির ব্যবহার শুধু বিলাসিতা নয়, এটি টিকে থাকার, যোগাযোগের এবং বিনোদনের প্রধান মাধ্যম। নাইজেরিয়া বা পাকিস্তানের মতো দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সেখানে স্ক্রিন টাইম বেড়েই চলেছে ১৭ শতাংশ পর্যন্ত। এর মানে দাঁড়ায়, বিশ্বের যে অংশটি ডিজিটালাইজেশনের প্রথম ধাক্কা পার হয়ে এখন তার ক্লান্তি দূর করছে, সেই অংশের কাছে ইন্টারনেট সবেমাত্র সম্ভাবনার নতুন দিক খুলে দিয়েছে। এক পক্ষের কাছে স্ক্রিন যখন একঘেয়ে বা ক্লান্তিকর বোঝা, অন্য পক্ষের কাছে তা উন্নতির সিঁড়ি। ডেটা রিপোর্টাল ও সেন্সর টাওয়ার ২০২৬-এর প্রকাশিত রিপোর্টগুলো তুলে ধরেছে চীন, রাশিয়া ও ব্রাজিলের মতো বড় বাজারগুলোতে সামগ্রিক মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কমছে। অন্যদিকে ভারত, নাইজেরিয়া ও পাকিস্তানের মতো অঞ্চলে স্ক্রিন টাইম দ্রুত বাড়ছে।

সংস্কৃতি আর অভ্যাসের অদ্ভুত দোলাচল

এই বৈশ্বিক চিত্রে আরও একটি মজার বিষয় হলো মানুষের আচরণের ভিন্নতা। জাপানের মতো প্রযুক্তিনির্ভর দেশের মানুষ তাদের জাগ্রত সময়ের মাত্র ৫ দশমিক ১ শতাংশ সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে, যা বিশ্বজুড়ে অন্যতম সর্বনিম্ন। অথচ লাতিন আমেরিকার দেশগুলো; যেমন ব্রাজিল বা চিলিতে এই হার প্রায় ২১ শতাংশ ছাড়িয়ে গেছে। জাপানিরা যেখানে ব্যক্তিগত গোপনীয়তা এবং বাস্তব জীবনের শৃঙ্খলার ওপর জোর দেয়, লাতিন সংস্কৃতি সেখানে সামাজিক যোগাযোগ ও আবেগের প্রকাশে অনেক বেশি খোলামেলা।

স্ক্রিন টাইমের এই ওঠানামা আমাদের একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করায়। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় পুরো বিশ্বকে এনে দিয়েছে ঠিকই, কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে যে ভার্চুয়াল এই কৃত্রিম আলোয় সারাক্ষণ বুঁদ হয়ে থাকাটা সুস্থ জীবনের লক্ষণ নয়। চীন বা ব্রাজিলের মতো দেশগুলোতে মোট ব্যবহার কমার প্রবণতা হয়তো ভবিষ্যতের একটি নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। সেখানে মানুষ প্রযুক্তির দাস না হয়ে তার সঠিক ব্যবহারকারী হতে চাইছে। বিশ্বজুড়ে স্ক্রিন টাইমের এই হ্রাস-বৃদ্ধির টানাপোড়েন আসলে মানুষের মনোযোগ ও স্বাধীনতার নতুন এক লড়াইয়েরই গল্প।

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, বিবিসি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত