
দেশের ইন্টারনেট সেবা প্রদান (আইএসপি) ব্যবসায়িক খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ব্যবসা ধ্বংসের উদ্দেশ্যে ডিডস (DDos) আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও এ বিষয়ে দেশীয় আইএসপিগুলোকে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। ডিডস কথাটির পূর্ণ রূপ হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস, যার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী আইএসপির নেটওয়ার্ক অচল করে দেওয়া যায়।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ডিডস আক্রমণ সংঘটিত হয়েছে বিদেশ থেকে পরিচালিত নেটওয়ার্কের মাধ্যমে, যার মূল পরিকল্পনায় জড়িত দেশেরই কয়েকটি আইএসপি প্রতিষ্ঠান। এ আক্রমণের উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বী আইএসপি প্রতিষ্ঠানগুলোর সার্ভার অচল করে তাদের গ্রাহক হারানো ও বাজারে অস্থিতিশীলতা তৈরি করা।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ বিষয়ে বলেছেন, বিটিআরসি তথা সরকারের হাতে এ-সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ এসেছে।
ডিডস হচ্ছে এমন একধরনের সাইবার হামলা, যেখানে আক্রমণকারী লক্ষ্যবস্তুর সার্ভার বা ওয়েবসাইটে একসঙ্গে বিপুল পরিমাণ ভুয়া অনুরোধ পাঠিয়ে সেটিকে অচল বা ধীরগতির করে দেয়। এর ফলে ওই প্রতিষ্ঠানের গ্রাহকেরা সেবা নিতে পারেন না, যাতে তাঁদের সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, এই অপরাধে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের নাম ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানির মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা নতুন লাইসেন্সিং প্রক্রিয়ায় অযোগ্য ঘোষিত হতে পারেন। এমনকি বর্তমান লাইসেন্সও বাতিল করা হতে পারে।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, দেড় মাস আগেই ডিডস আক্রমণের বিষয়ে বিটিআরসিতে অভিযোগ দিয়েছেন তারা। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের। ওনাদের তদন্ত করে বের করতে হবে যে বাংলাদেশ থেকে কেউ এটা করছে বা কোনোভাবে জড়িত আছে কি না। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, কয়েকটি প্রতিষ্ঠান জড়িত। কিন্তু তদন্তের তো রিপোর্ট দরকার।... প্রতিষ্ঠানগুলোর নামও জানানো হয়নি।’
সরকার ডিডস আক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। পাশাপাশি তিনি সাইবার হামলা প্রতিরোধে নিরাপত্তা বিনিয়োগে আইএসপি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘বিটিআরসি অবৈধ আক্রমণকারীদের ধরবে। কিন্তু আইএসপি প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের নেটওয়ার্ক সুরক্ষায় যথেষ্ট বিনিয়োগ করতে হবে।’
সর্বশেষ গত শুক্রবার ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে আইএসপি খাতের ব্যবসায়ীদের সতর্ক করেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টার ব্যাপার আমাদের নজরে এসেছে।’
আইএসপি প্রতিষ্ঠানগুলো বলছে, ডিডস হামলা নতুন কোনো বিষয় নয়। এ ধরনের হামলা অনেক বছর আগে থেকেই হয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে বেড়েছে।
বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পুরো আইএসপি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে ডিডস হামলা চালানো হচ্ছে। আইএসপিএবির ইসি কমিটির কেউ কেউও এর সঙ্গে জড়িত।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে এসেছে যে কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস আক্রমণ চালাচ্ছে। এর ফলে ছোট আইএসপিগুলো ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এই আক্রমণগুলোর মাত্রা এত বেশি, যা ছোট নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব।

চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ ঘণ্টা আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ‘আসক্তিকর অ্যালগরিদম’, যৌন নির্যাতনসহ ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
১৫ ঘণ্টা আগে
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির অভিযোগে মেটা ও ইউটিউবকে ৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। এক তরুণীর করা মামলায় লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এই রায় দিয়েছেন। আদালত বলছে, মেটা (ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিক) এবং গুগল (ইউটিউবের মালিক) উদ্দেশ্যমূলকভাবে এমন আসক্তিকর প্ল্যাটফর্ম...
২ দিন আগে