বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চশমাও জমা দিতে হবে দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের পরা সব ধরনের চশমা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি-সংবলিত স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির একটি কঠিন পেশাগত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থীর এআই ব্যবহার করে জালিয়াতির স্বীকারোক্তির পর পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
সিএনএন জানায়, ওই জালিয়াতির ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান সুং-সুক। বৈঠকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের সব ধরনের স্মার্ট ডিভাইস জমা নেওয়া নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পার্লামেন্টে বলেন, পরীক্ষার প্রতিটি পর্বে সব চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে, যাতে ন্যায্য ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়। তিনি জানান, নিষিদ্ধ সামগ্রীর তালিকায় স্মার্ট চশমাও যুক্ত করা হয়েছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করলে ফৌজদারি শাস্তির মুখেও পড়তে হতে পারে।
১৯ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি)। এতে প্রায় ৫ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। প্রায় আট ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের ভবিষ্যৎ, কর্মজীবন ও সামাজিক অবস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এই পরীক্ষার সময় দেশটিতে কার্যত স্থবিরতা নেমে আসে। এমনকি ইংরেজি শ্রবণদক্ষতা যাচাইয়ের ৩০ মিনিটে শব্দদূষণ এড়াতে বিমান ওঠানামাও বন্ধ রাখা হয়।
পরীক্ষায় জালিয়াতির বিষয়টি সামনে আসে দেশটির হিসাব নিরীক্ষক পেশার সনদ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক শিক্ষার্থীর স্বীকারোক্তির পর। কয়েক মাস ধরে তাঁর অস্বাভাবিক ভালো ফল নিয়ে তদন্ত চলছিল। গতকাল রোববার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ওই শিক্ষার্থী স্বীকার করেন—খুদে ক্যামেরা, মোবাইল ফোন ও এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। বিষয়টি নিয়ে সিউল পুলিশের কাছেও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান তিনি।
এআই প্রযুক্তি-সংবলিত স্মার্ট চশমায় ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার ও সেন্সর যুক্ত থাকে। পরীক্ষার প্রশ্নের দিকে তাকালেই কয়েক সেকেন্ডের মধ্যে এআইয়ের মাধ্যমে উত্তর পাওয়া সম্ভব। ফলে প্রচলিত নকলের পদ্ধতির চেয়ে এই প্রযুক্তি শনাক্ত করা কঠিন।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা ২০২৩ সালের শেষ দিকে রে-ব্যানের সঙ্গে প্রথম এআই চশমা বাজারে আনে। গত বছর বিশ্বজুড়ে এ ধরনের সাত মিলিয়নের বেশি চশমা বিক্রি হয়েছে।
পূর্ব এশিয়ার পরীক্ষানির্ভর সমাজগুলোতে এ প্রযুক্তির ব্যবহার উদ্বেগ বাড়িয়েছে। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহার করতে গিয়ে দুই শিক্ষার্থী ধরা পড়েন।
এদিকে তাইওয়ানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থীর চশমায় তাপ উৎপন্ন হতে দেখে সন্দেহ হয় পরিদর্শকদের। পরে পরীক্ষা করে স্মার্ট চশমার ব্যবহার শনাক্ত করা হয়। চীনেও গত জুনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সব চশমা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল।









