Ajker Patrika

এআই কি হৃদ্‌রোগ শনাক্ত করবে

ফিচার ডেস্ক
এআই কি হৃদ্‌রোগ শনাক্ত করবে

আজ থেকে বছর পাঁচেক আগে এ প্রশ্ন করলে মানুষ উড়িয়ে দিত। কিন্তু এখন এর উত্তর—হ্যাঁ। শুধু তা-ই নয়। ইতিমধ্যে হৃদ্‌রোগ শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করছে এআই। তবে হ্যাঁ, একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। সেটি হলো, এআই একাই চূড়ান্তভাবে হৃদ্‌রোগ নির্ণয় করবে—বিষয়টি এখনো সে পর্যায়ে যায়নি। বরং ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, সিটিস্ক্যান, এমআরআই, রোগীর মেডিকেল রেকর্ড এবং পরিধানযোগ্য ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে এআই কিছু সংকেত খুঁজে বের করতে পারে, যা মানুষের চোখে সহজে ধরা পড়ে না।

এআই যেভাবে হৃদ্‌রোগ শনাক্ত করতে পারে

ইসিজিতে লুকানো সংকেত খোঁজা

এআইভিত্তিক ইসিজি অ্যালগরিদম হৃৎস্পন্দনের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে কিছু লক্ষণ শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ ২০২৫ সালে এমন এআই সফটওয়্যার অনুমোদন করেছে, যা ইসিজি থেকে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন বা এলভিইএফ কম থাকার আশঙ্কা শনাক্ত করতে সাহায্য করে।

এ বছরেও এফডিএ একটি এআইভিত্তিক ইসিজি মডেলকে কার্ডিয়াক অ্যামাইলয়েডোসিস শনাক্তকরণে সহায়তার জন্য এবং আরেকটি মডেলকে এসটিইএমআই শনাক্তকরণের জন্য শ্রেণিবদ্ধ করেছে।

হার্ট ফেইলিউরের আগাম ইঙ্গিত

ইসিজির কিছু বৈশিষ্ট্য হৃদ্‌যন্ত্রের পাম্পিং ক্ষমতা কমিয়ে দিকে পারে। এআই এসব প্যাটার্ন বিশ্লেষণ করে এসব রোগীকে চিহ্নিত করতে পারে। এফডিএর সংজ্ঞাতেও এ ধরনের কার্ডিওভাসকুলার মেশিন-লার্নিং সফটওয়্যারকে মূলত আরও পরীক্ষা বা চিকিৎসকের মূল্যায়নের জন্য সম্ভাব্য রোগী শনাক্ত করার সহায়ক ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে।

অনিয়মিত হৃৎস্পন্দন শনাক্ত করা

এআই ইসিজি, বেডসাইড মনিটর এবং স্মার্টওয়াচ বা অন্যান্য পরিধানযোগ্য ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা এএফের মতো অনিয়মিত হৃৎস্পন্দন শনাক্ত করতে সহায়তা করতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এ ধরনের পরিধানযোগ্য ও শরীরে স্থাপনযোগ্য প্রযুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেছে।

হার্টের ছবি বিশ্লেষণ

ইকোকার্ডিওগ্রাফি, কার্ডিয়াক সিটি ও এমআরআইয়ের ছবিতে এআই বিভিন্ন গঠনগত বৈশিষ্ট্য শনাক্ত ও পরিমাপ করতে সাহায্য করতে পারে। ফলে চিকিৎসক বিপুল পরিমাণ ইমেজিং ডেটা দ্রুত বিশ্লেষণ করতে পারেন।

এআই কি চিকিৎসকের জায়গা নেবে

উত্তর—এখনই নয়। বরং বর্তমান ব্যবস্থায় এআইকে বেশি দেখা হচ্ছে স্ক্রিনিং, ঝুঁকি পূর্বাভাস এবং ক্লিনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার সহযোগী হিসেবে। এফডিএর কার্ডিওভাসকুলার এআই শ্রেণিবিন্যাসেও এমন সফটওয়্যারকে সাধারণত পরবর্তী পরীক্ষা বা ডায়াগনস্টিক ফলোআপের প্রয়োজনীয়তা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়—চূড়ান্ত রোগ নির্ণয়ের একমাত্র ভিত্তি হিসেবে নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত