
চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য একটি নতুন ধরনের সলিড স্টেট ব্যাটারি উদ্ভাবন করেছে। কোম্পানির দাবি, একবার চার্জেই এই ব্যাটারি ইভিকে প্রায় ১ হাজার ৮৬৪ মাইল (৩ হাজার কিলোমিটার) পথ অতিক্রম করার ক্ষমতা দেবে। আরও চমকপ্রদ বিষয় হলো—মাত্র পাঁচ মিনিটেরও কম সময়েই ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত পূর্ণ হতে পারবে বলে জানিয়েছে হুয়াওয়ে।
চীনের স্বনামধন্য সংবাদমাধ্যম কার নিউজ চায়না জানিয়েছে, হুয়াওয়ে একটি সালফাইডভিত্তিক অল সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করেছে। তাদের ব্যাটারি আর্কিটেকচারের এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব হতে পারে প্রতি কেজিতে ৪০০ থেকে ৫০০ ওয়াট, যা বর্তমান বাজারে প্রচলিত ইভি ব্যাটারির তুলনায় দুই থেকে তিন গুণ বেশি।
উল্লেখ্য, হুয়াওয়ে নিজে কোনো ব্র্যান্ডেড গাড়ি তৈরি করে না। তবে তারা বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে এবং তাদের প্রযুক্তি সরবরাহ করে।
হুয়াওয়ের পেটেন্ট অনুযায়ী, তাদের ব্যাটারিতে সালফাইড ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে নাইট্রোজেন যুক্ত (ডোপিং) করা হয়। এতে লিথিয়াম ইন্টারফেসে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হয়, তা কমে আসে। যদিও পুরো প্রযুক্তি সম্পর্কে প্রতিষ্ঠানটি এখনো বিস্তারিত কিছু জানায়নি।
তবে হুয়াওয়ের এই চমকপ্রদ দাবিকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা বেশ সন্দিহান। দক্ষিণ কোরিয়ার ডানকুক ইউনিভার্সিটির এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইয়াং মিন-হো বলেন, পরীক্ষাগারের পরিবেশে এ ধরনের ফলাফল সম্ভব হলেও বাস্তব জীবনের জটিলতা যেমন তাপ ব্যবস্থাপনা ও শক্তি ক্ষয়, এসব বিবেচনায় এই প্রযুক্তি প্রয়োগ করা অনেক বেশি কঠিন।
তিনি আরও বলেন, নাইট্রোজেন ডোপিং একটি পরিচিত কৌশল, যা পরীক্ষাগারে প্রমাণিত হলেও বড় পরিসরে উৎপাদন করাটা এখনো অসম্ভব প্রায়।
বর্তমানে ইভি শিল্পে সলিড স্টেট ব্যাটারি একটি বহুল আলোচিত বিষয়। চীন তাদের ইভি আধিপত্যকে কাজে লাগিয়ে নিয়মিত নানা উদ্ভাবনের কথা প্রচার করছে। যদিও প্রযুক্তিগতভাবে তারা অনেক দূর এগিয়েছে, তবে হুয়াওয়ের দাবি করা ১ হাজার ৮০০ মাইল রেঞ্জ বা পরিসর বাস্তবিকভাবে কার্যকর কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
এত বড় পথ অতিক্রম করতে যে বিশাল ব্যাটারি প্যাক লাগবে, তা গাড়ির ওজন বাড়াবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতাও নষ্ট করবে।
বিশ্লেষকেরা বলছেন, হুয়াওয়ে যদি সত্যিই ৪০০-৫০০ ওয়াট পার কিলোগ্রাম শক্তি ঘনত্ব নিশ্চিত করতে পারে, তাহলে এত বড় ব্যাটারি না বানিয়ে ছোট ব্যাটারি প্যাকেই ভালো রেঞ্জ পাওয়া সম্ভব হবে।
এখানে ৪০০-৫০০ ওয়াট পার কিলোগ্রাম বলতে বোঝায় ১ কেজি ওজনের ব্যাটারি ৫০০ ওয়াট-আওয়ার শক্তি সংরক্ষণ করা সম্ভব।
বর্তমানে আধুনিক ইলেকট্রিক গাড়িগুলো একবার চার্জেই প্রায় ৬০০ মাইল পর্যন্ত চলতে পারে, যা দৈনন্দিন ব্যবহার তো বটেই, দীর্ঘ ভ্রমণের জন্যও যথেষ্ট। ফলে আগে যেটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল, ‘মাঝপথে গাড়ির চার্জ ফুরিয়ে যাবে’, সেটি এখন অনেকটাই কেটে গেছে।
এর পাশাপাশি, পাবলিক চার্জিং স্টেশনগুলো এখন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে চার্জিং পয়েন্ট খুঁজে পাওয়াও সহজ হয়ে গেছে। আর দীর্ঘ ভ্রমণে এমনিতেই মাঝেমধ্যে থেমে বিশ্রাম নেওয়া দরকার হয়। এখন সেই সময়টা চালকেরা কাজে লাগাতে পারেন গাড়ি চার্জ দেওয়ার জন্য।
তথ্যসূত্র: টেকরেডার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে গিয়ে নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কোম্পানিটি তাদের মোট জনশক্তির প্রায় ২ দশমিক ১ শতাংশ (প্রায় ৪ হাজার ৮০০) কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছরে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক মাত্র পাঁচ হাজারের কিছু বেশি গ্রাহক টানতে পেরেছে। এর মধ্যে বেশির ভাগই করপোরেট গ্রাহক। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক নিয়ে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ রয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রযুক্তি দুনিয়ায় বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে চীন এগিয়ে চলেছে জোরদমে। দলে টানছে বিশ্বজুড়ে নামকরা সব শিক্ষাবিদ ও গবেষকদের। এবার সেই পথেই হাঁটলেন গত বছর রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি।
১৮ ঘণ্টা আগে
স্টারলিংকের যুক্তি ছিল, তাদের হাবগুলোতে যদি বাংলাদেশের প্রচলিত ফিল্টারিং ব্যবস্থার মধ্য দিয়ে ইন্টারনেট পাঠাতে হয়, তাহলে অপ্রয়োজনীয় বিলম্ব তৈরি হবে। তাই তারা এই আন্তর্জাতিক ট্রানজিট সংযোগের জন্য আনফিল্টারড ইন্টারনেট পরিবহনের অনুমতি চেয়েছিল।
১ দিন আগে