Ajker Patrika

একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

আজকের পত্রিকা ডেস্ক­
একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে একজন ক্যানসার রোগীর মুখের একটি সাধারণ ছবি বিশ্লেষণ করে তাঁর জৈবিক বয়স এবং বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করা সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অলাভজনক সমন্বিত একাডেমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ম্যাস জেনারেল ব্রিঘাম’-এর গবেষকেরা এআইভিত্তিক এই প্রযুক্তি তৈরি করেছেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট ডিজিটাল হেলথ-এ।

গবেষকদের তৈরি ব্যবস্থাটির নাম এফএএইচআর-ফেস (FAHR-Face)। বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর মানুষের চার কোটিরও বেশি মুখের ছবি ব্যবহার করে এটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই মূল মডেল থেকে দুটি পৃথক টুল তৈরি করা হয়েছে—এফএএইচআর-ফেসএজ (FAHR-FaceAge) এবং এফএএইচআর-ফেসসারভাইভাল (FAHR-FaceSurvival)।

প্রথম টুলটি মুখের ছবি বিশ্লেষণ করে একজন ব্যক্তির জৈবিক বয়স অনুমান করে এবং ক্যানসার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা মূল্যায়নে সহায়তা করে। অন্যদিকে, দ্বিতীয় টুলটি জৈবিক বয়সের মধ্যস্থতা ছাড়াই সরাসরি মুখের ছবি থেকে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করে।

গবেষকেরা জানিয়েছেন, দুটি টুল মুখের ভিন্ন ভিন্ন অংশ বিশ্লেষণ করে। ফেসএজ মূলত নাকের দুই পাশ থেকে ঠোঁটের কোণ পর্যন্ত বিস্তৃত ভাঁজ, চোখের ওপরের কপালের অংশ এবং কানের পাশের কপালের অঞ্চল বিবেচনা করে। অন্যদিকে, ফেসসারভাইভাল চোখের নিচের অংশ ও নাকের ওপরের সংযোগস্থলের আশপাশ বিশ্লেষণ করে।

যুক্তরাষ্ট্রে রেডিওথেরাপি নেওয়া ক্যানসার রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, যাঁদের মুখের চেহারা প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর বেশি বয়স্ক বলে এআই অনুমান করেছে, তাঁদের গড়ে চার বছরের পর্যবেক্ষণকালে মৃত্যুঝুঁকি অন্য রোগীদের তুলনায় ২১ শতাংশ বেশি ছিল। বিপরীতে, যাঁদের মুখের চেহারা প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর কম বয়স্ক বলে অনুমান করা হয়েছে, তাঁদের মৃত্যুঝুঁকি ছিল ১৭ শতাংশ কম।

গবেষণার সহজ্যেষ্ঠ লেখক হুগো অ্যার্টস বলেন, মুখের ছবি থেকে সরাসরি ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করতে পারা এআইভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষকেরা আরও জানিয়েছেন, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ও মাদক ব্যবহারের মতো জীবনযাপনের কিছু অভ্যাস মুখের জৈবিক বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্লেষণে দেখা গেছে। তবে মুখের বয়স এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার সম্পর্ক আরও বিস্তৃতভাবে যাচাই করা প্রয়োজন।

‘ম্যাস জেনারেল ব্রিঘাম’-এর রেডিয়েশন অনকোলজিস্ট রেমন্ড ম্যাক বলেন, জটিল চিকিৎসা, অস্ত্রোপচার কিংবা রেডিওথেরাপির আগে রোগীর শারীরিক সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নে এ ধরনের প্রযুক্তি চিকিৎসকদের সহায়তা করতে পারে। এর লক্ষ্য চিকিৎসকের সিদ্ধান্তকে প্রতিস্থাপন করা নয়, বরং ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনাকে আরও নির্ভুল করা।

গবেষকদের মতে, ভবিষ্যতে প্রযুক্তিটি বড় অস্ত্রোপচার বা ক্যানসারের চিকিৎসার পর মৃত্যুঝুঁকি ও জটিলতার সম্ভাবনা মূল্যায়নে কাজে লাগতে পারে। তবে ব্যাপকভাবে চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের আগে আরও গবেষণা ও যাচাই প্রয়োজন। মুখের একটি ছবি থেকে পাওয়া অনুমানকে তাই রোগীর প্রকৃত আয়ু বা চিকিৎসার ফলাফল সম্পর্কে নিশ্চিত পূর্বাভাস হিসেবে বিবেচনা করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত