
পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’। অ্যাপল ও গেম নির্মাতা এপিক গেমসের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মধ্যেই এই প্রত্যাবর্তন ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২০ মে) থেকে ইউরোপীয় ইউনিয়নের এপিক গেমস স্টোর ও অল্টস্টোরে পাওয়া যাচ্ছে ফোর্টনাইট। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের এক পোস্টে এপিক গেমস জানিয়েছে, শিগগির অ্যাপ স্টোরে খোঁজ করলে দেখা যাবে গেমটি।
২০২০ সালে এপিক গেমস তাদের ফোর্টনাইট গেমের একটি ওয়েবভিত্তিক আপডেটের মাধ্যমে ইন-অ্যাপ কেনাকাটার জন্য সরাসরি পেমেন্ট নেওয়ার ব্যবস্থা করে। এতে অ্যাপলের নিজস্ব পেমেন্ট-ব্যবস্থাকে এড়িয়ে যাওয়া হয়, যেখানে সাধারণত ৩০ শতাংশ পর্যন্ত ফি কাটে অ্যাপল। এতে অসন্তুষ্ট হয়ে ফোর্টনাইটকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল এবং একটি দীর্ঘমেয়াদি আইনি লড়াই শুরু হয়।
যুক্তরাষ্ট্রের আদালত পরে এপিকের পক্ষেই রায় দেন। বিচারক জানান, অ্যাপল ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতাবিরোধী দামের নিয়ম ভেঙেছে। গত মাসে ওই বিচারক বলেন, অ্যাপলকে এখন থেকে ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরেও পেমেন্ট সংগ্রহের সুযোগ দিতে হবে এবং তাতে কোনো অতিরিক্ত ফি ধার্য করা যাবে না।
ফোর্টনাইট আবার যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরতে চাইলে সেটিকে অ্যাপলের অ্যাপ রিভিউ প্রক্রিয়া অতিক্রম করতে হয়। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে অ্যাপল কর্মীরা নতুন অ্যাপ বা আপডেট যাচাই করেন, যেন সেগুলো অ্যাপলের নীতিমালা অনুসারে চলে।
৯ মে এপিক ফোর্টনাইট অ্যাপটি আবার অ্যাপলে জমা দেয়। এরপর অ্যাপল অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব করে। তখন এপিক অভিযোগ তোলে, অ্যাপল ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে গেমটি আটকে রেখেছে।
এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ইভন গঞ্জালেজ রজার্স বলেন, অ্যাপলকে হয় এপিকের গেম অনুমোদন দিতে হবে, নতুবা সেটা আটকে রাখার জন্য আইনগত যুক্তি দেখাতে হবে। এতে এপিক গেমসের পক্ষেই পরিস্থিতি কিছুটা ঝুঁকে পড়ে।
অ্যাপ স্টোরে নতুন করে আসা ফোর্টনাইট সংস্করণেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। গেমের ভেতরে যাঁরা অ্যাপলের পেমেন্ট সিস্টেম ব্যবহার না করে সরাসরি এপিক গেমসের মাধ্যমে কেনাকাটা করবেন, তাঁরা ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ এপিকের নিজস্ব পেমেন্ট অপশন ব্যবহার করলে গেমারেরা আগের মতোই ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।
গত মাসের রায়ের পর অ্যামাজন ও স্পটিফাইয়ের মতো বড় অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপে পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ, এখন আইফোনে কিনডেল অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি কিনডেল বই কিনতে পারেন।
এপিক যখন অ্যাপলের বিরুদ্ধে মামলা করে, তখন অ্যাপল শুধু ফোর্টনাইট সরিয়েই দেয়নি, বরং এপিকের ডেভেলপার অ্যাকাউন্টও বাতিল করেছিল। তবে ডিজিটাল মার্কেট আইনের কারণে ইউরোপে এপিক একটি নতুন ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করতে সক্ষম হয় এবং এখন একটি তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরের মাধ্যমে ফোর্টনাইট অ্যাপ সরবরাহ করছে।
ইউরোপ ছাড়াও বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীরা ক্লাউড গেমিং পরিষেবার মাধ্যমে ফোর্টনাইট খেলতে পারেন।
অ্যাপল অ্যাপ স্টোর থেকে যে ফি নেয়, তা তাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি ‘সার্ভিসেস’ বিভাগে অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন, অ্যাপলকেয়ার, পেমেন্ট সেবা ও সাবস্ক্রিপশন। গত মার্চে শেষ হওয়া প্রান্তিকে এই বিভাগ থেকে অ্যাপল প্রায় ২৭ বিলিয়ন ডলার আয় করেছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিএনবিসি

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১৯ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
২ দিন আগে