জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ রেকর্ড

জাতীয় সাঁতার ও ডাইভিংয়ে প্রথম দিনেই ছয়টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হওয়া ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে পাঁচটি এবং ডাইভিংয়ে একটি রেকর্ড গড়েছেন প্রতিযোগীরা।
সাঁতারের ১০ ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট হয়েছে প্রথম দিনে। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে কাজল মিয়া ১ মিনিট ৫৪ দশমিক ৫৫ সেকেন্ড নিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন। ১ মিনিট ৫৫ দশমিক ০৬ সেকেন্ডের আগের রেকর্ডটি ছিল তাঁরই। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ইসলাম রাফি ২৫ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে আগে গড়া রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন। রেকর্ড হয়েছে নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও; ১ মিনিট ১৭ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল ১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ড।
সাঁতারে বাকি দুটি রেকর্ড হয়েছে রিলেতে। গড়েছেন নৌবাহিনীর সাঁতারুরা। পুরুষদের ৪ গুণন ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে দলটি সময় নিয়েছে ৩ মিনিট ৩০ দশমিক ৩৭ সেকেন্ড। মেয়েদের একই ইভেন্টে নৌবাহিনীর দল ৪ মিনিট ২৪ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছে।
মেয়েদের ডাইভিংয়ে এক মিটার স্প্রিংবোর্ডে নৌবাহিনীর অপা দাস ১১৯ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। পুরুষদের একই ইভেন্টে নৌবাহিনীর মো. হোসাইন ২২৬ দশমিক ৪০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন।
প্রথম দিনের পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী। জিতেছে ৯টি সোনা, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। সেনাবাহিনী ৩টি সোনা, ৭টি রুপা ও ৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পেয়েছে একটি রুপা ও একটি ব্রোঞ্জ। কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাবের ঝুলিতে গেছে একটি ব্রোঞ্জ।









