১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলছে ৪৮ দল। ‘বিশ্বকাপের দল' শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস। আজকের পর্বে বসনিয়া

বসনিয়া ও হার্জেগোভিনার ইতিহাসে একটি প্রবাদ আছে—‘যখন জেনিকায় গর্জন ওঠে, তখন বিশ্ব থমকে দাঁড়ায়’। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সেই গর্জনের প্রতিধ্বনি এবার বিশ্বে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে দর্শক বানিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার ইতি টেনে বসনিয়া ঘোষণা দিল নতুন ফুটবল বসন্তের।
মার্চে বাছাইপর্বে প্লে-অফের রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ হওয়ার পরপরই রাজধানী সারায়েভোর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। বসন্তের কনকনে ঠান্ডা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দুশ্চিন্তা ভুলে মানুষ সমবেত হয় ভিয়েচনা ভাত্রায় (চিরন্তন শিখার পাদদেশে)। প্রতিটি অলিগলিতে মানুষের ঢল নামে। ভক্তদের কণ্ঠে ধ্বনিত সেই গান—‘আমি বসনিয়া থেকে এসেছি, আমাকে আমেরিকায় নিয়ে চলো’। আজ আর তা কেবল প্রার্থনা নয়, বরং বাস্তবতা। এই আবেগ শুধু ফুটবলের জন্য নয়, বরং রাজনৈতিক অচলাবস্থায় স্থবির হয়ে থাকা একটি জাতির দীর্ঘশ্বাস। সাধারণ মানুষ এই জয়কে দেখছে এক নতুন আশার আলো হিসেবে, যা তাদের দৈনন্দিন গ্লানি ভুলিয়ে দিয়েছে।
২০১৪ সালে বসনিয়াকে প্রথম বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন সাফেক সুসিচ। এবার সেই একই কৃতিত্ব দেখালেন সের্গেজ বারবারেজ। বড় কোনো কোচিং অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নেওয়া বারবারেজ তাঁর ৪-৪-২ ফরমেশনে অভিজ্ঞ ও তরুণের যে মিশেল ঘটিয়েছেন, তা ছিল দেখার মতো। জেকোর সঙ্গে মাঠ কাঁপিয়েছেন এসমির বাজরাক্তারেভিচ ও কেরিম আলাজবেগোভিচের মতো তরুণেরা। বিশেষ করে মাঠের কৌশলী দাবার চালে তিনি টেক্কা দিয়েছেন ইতালির মতো পরাশক্তিকে। এর আগে বাছাইপর্বের গ্রুপ ‘এইচ’-এ ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া এবং প্লে-অফে হারিয়েছেন ওয়েলসকে। নামীদামি বিদেশি কোচের চেয়ে কখনো কখনো মাটির টান ও দেশীয় মেধা বেশি কার্যকর হয়ে ওঠে, সেটাই যেন মনে করিয়ে দিলেন বারবারেজ।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বসনিয়াকে চিনেছিল বিশ্ব। পিয়ানিচ, বেগোভিচ আর জেকোর সেই দলকে বলা হতো ‘সোনালি প্রজন্ম’। কিন্তু সময় বদলেছে। ২০২৬ বিশ্বকাপের বসনিয়া দলে এখন নতুন প্রাণের স্পন্দন। বিশেষ করে প্রবাসী বসনিয়ান প্রতিভারা, যাঁরা ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলছেন, তাঁরা দেশের ডাকে ফিরে এসেছেন। দুই বিশ্বকাপের মাঝে সেতু হয়ে আছেন এডিন জেকো। ৪০ বছর বয়সেও পারফরম্যান্স করে যাচ্ছেন সমানতালে। বাছাইপর্বে একাই করেছেন ৬ গোল। ওয়েলসের বিপক্ষে শেষ মুহূর্তের হেডারটা তাঁর মাথা থেকেই এসেছিল।
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে বসনিয়ার সামনে এখন কঠিন সমীকরণ। ১২ জুন টরন্টোতে স্বাগতিক কানাডার বিপক্ষে শুরু হবে তাদের মূল লড়াই। এরপর ১৮ জুন লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ড এবং ২৪ জুন সিয়াটলে কাতারের মুখোমুখি হবে ড্রাগনরা। ২০১৪ সালে ব্রাজিলে বসনিয়া তিনটি ম্যাচ খেলে দেশে ফিরেছিল। সেবারও ছিল রোমাঞ্চের প্রত্যাশা। কিন্তু আর্জেন্টিনা ও নাইজেরিয়ার বিপক্ষে হেরে স্বপ্ন শেষ হয়েছিল গ্রুপপর্বেই। ইরানকে হারিয়ে বিশ্বকাপে জয়ের স্বাদ অবশ্য পেয়েছে। এবার দলটা আলাদা, প্রজন্ম বদলেছে। ইতালিকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস সহজে যায় না।
তবু ফুটবল নিষ্ঠুর। জেনিকার সেই রাতের আনন্দ আর বিশ্বকাপের বাস্তবতা—দুটি সম্পূর্ণ আলাদা। বসনিয়া এখন এর মাঝখানে দাঁড়িয়ে। স্বপ্ন আছে, সামর্থ্য আছে। শুধু দেখার অপেক্ষা সেই স্বপ্ন কত দূর যায়।

কোচ
সের্গেজ বারবারেজ
মোস্তারে পেশাদার ফুটবল শুরু করলেও সের্গেজ বারবারেজ নাম কুড়িয়েছেন জার্মান বুন্দেসলিগায়। ইউনিয়ন বার্লিন, ডর্টমুন্ড, হামবুর্গ ও লেভারকুজেনের মতো ক্লাবে খেলা এই স্ট্রাইকার বসনিয়ার হয়ে ১৭টি গোল করেছেন। ২০২৪ সালে প্রধান কোচের দায়িত্ব নেওয়া বারবারেজ মাঠের বাইরে একজন পেশাদার পোকার খেলোয়াড় হিসেবেও পরিচিত। তাঁর কৌশলী ৪-৪-২ ফরমেশনে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে বসনিয়া বাছাইপর্বে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়। প্রথমবারের মতো কোনো দলের কোচ হয়েই তিনি বসনিয়াকে যেভাবে বিশ্বকাপের মঞ্চে তুলেছেন, তা এক চমকই বটে।

তারকা
এডিন জেকো
৪০ বছর বয়সেও জেনিকার মাঠে এডিন জেকোর লড়াকু ফুটবল বসনিয়াকে দ্বিতীয়বারের মতো পৌঁছে দিয়েছে বিশ্বকাপে। বাছাইপর্ব ও প্লে-অফে ওয়েলস ও ইতালির বিপক্ষে তাঁর নেতৃত্বের ছায়া ছিল চোখে পড়ার মতো। ২০১৪ বিশ্বকাপে দেশের প্রথম গোলদাতা এই ‘বসনিয়ান ডায়মন্ড’ এবার নিজের শেষটা রাঙাবেন বিশ্বকাপের ছোঁয়া দিয়ে। বয়সকে জয় করে জেকোর এই এগিয়ে চলা মুগ্ধ করার মতোই। ম্যান সিটি, ইন্টার ক্লাবের মতো বড় ক্লাবে খেলা এই ফরোয়ার্ড বসনিয়ার হয়ে ১৪৮ ম্যাচে করেছেন ৭৩ গোল; যা দেশের পক্ষে সর্বোচ্চ।
র্যাঙ্কিং: ৬৫
অঞ্চল: ইউরোপ
অংশগ্রহণ: ২
ডাকনাম: দ্য ড্রাগনস
বিশ্বকাপে বসনিয়া
ম্যাচ জয় হার
৩ ১ ২
গ্রুপপর্বের সূচি
১২ জুন কানাডা টরন্টো রাত ১টা
১৮ জুন সুইজারল্যান্ড লস অ্যাঞ্জেলেস রাত ১টা
২৪ জুন কাতার সিয়াটল রাত ১টা

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
৩ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
৪ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৬ ঘণ্টা আগে