Ajker Patrika

প্যারিসে ভয়ংকর ডাকাতির তিন বছর পর আদালতে বর্ণনা দিলেন দোন্নারুম্মা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪১
প্যারিসে ভয়ংকর ডাকাতির তিন বছর পর আদালতে বর্ণনা দিলেন দোন্নারুম্মা
২০২৩ সালে যখন পিএসজিতে খেলতেন, তখন ভয়াবহ ডাকাতি হয়েছিল তাঁর প্যারিসের বাড়িতে। ছবি: সংগৃহীত

তিন বছর আগের ঘটনা হলেও ২০২৩ সালের জুলাইয়ে যা ঘটেছিল, তা চাইলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা ভুলতে পারবেন না। প্যারিসে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল। যেটার মামলা এখনো চলমান। দীর্ঘ তিন বছর পর আদালতে যা শোনালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো।

২০২৩ সালে দোন্নারুম্মা খেলতেন পিএসজিতে। প্যারিসের অন্যতম অভিজাত এলাকা ‘এভিনিউ মন্টেইন’-এর নিজের ফ্ল্যাটে তখন দোন্নারুম্মার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আলেসিয়া এলেফান্তে। ভয়ংকর ডাকাতির সময় সন্তানসম্ভবা ছিলেন আলেসিয়া। সম্প্রতি ফ্রান্সের এক আদালতে দেওয়া জবানবন্দিতে দোন্নারুম্মা জানিয়েছেন, সে সময় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। মেটালের তৈরি নকডাস্টার (ব্রাস নাকলস) দিয়ে এক ডাকাত তাঁর মুখে সজোরে আঘাত করেন। ধারালো ছুরি উঁচিয়ে দেওয়া হয়েছিল হত্যার হুমকি।

ডাকাতদের হাত থেকে ২০২৩ সালে রেহাই পাননি দোন্নারুম্মার অন্তঃসত্ত্বা স্ত্রী আলেসিয়াও। তাঁকেও ইতালির ফুটবলারের মতো বেঁধে নির্যাতন করা হয়েছিল। হাতের সামনে অর্থ, দামি ঘড়ি, অলংকার তুলে দিলেও ক্ষান্ত হয়নি ডাকাতেরা। সিন্দুকের পাসওয়ার্ড চেয়েছিল আলেসিয়ার কাছে। কিন্তু কোড না জানায় ডাকাতেরা আরও বেশি হিংস্র হয়ে আক্রমণ করেছিল দোন্নারুম্মার স্ত্রীর ওপর।

সে সময়ের ভয়ংকর রাতের স্মৃতিচারণ করতে গিয়ে ভয়ে আঁতকে ওঠেন আলেসিয়া। আদালতকে দোন্নারুম্মার স্ত্রী বলেন, ‘বারবার কাকুতিমিনতি করে বলেছিলাম যে, আমি অন্তঃসত্ত্বা। তবু ডাকাতেরা হিংস্র আক্রমণ চালিয়েছিল আমার ওপর।’ ডাকাতির দীর্ঘদিন পর ফ্রান্সে অভিযুক্ত সন্দেহভাজনদের বিচারকাজ শুরু হওয়ায় মূলত সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন দোন্নারুম্মা ও তাঁর স্ত্রী।

পুলিশ ২১ বছর বয়সী ইলিয়াস খেরবুশকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কারাগারে থেকেই তিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ডাকাতির একটি মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে খেরবুশ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আরও এক আসামি ২২ বছর বয়সী খিয়ান মামৌনি কারাগারের ভেতর থেকে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন।

২৪ বছর বয়সী মোকতার দিয়োপের বিরুদ্ধে চুরির ঘটনায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি এতে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর এই ভূমিকার সঙ্গে উল্লিখিত সহিংসতার কোনো সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে না। চতুর্থ এক সন্দেহভাজনও নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন এবং দাবি করেছিলেন যে, সহযোগীরা তাঁকে ডাকাতিতে জড়াতে চাপ দিয়েছিলেন। ২০২৪ সালে কারাগারেই তিনি আত্মহত্যা করে মারা যান। এ ছাড়া ঘটনার সময় ১৮ বছরের কম বয়সী আরও দুই ডাকাতকে গত জুলাই মাসে শিশু আদালত তিন থেকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।

২০২১ থেকে ২০২৫ পর্যন্ত পিএসজির জার্সিতে চারটি লিগ ওয়ান, তিনটি ট্রফি দেস চ্যাম্পিয়নস, দুটি ফ্রেঞ্চ কাপ এবং একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ম্যানচেস্টার সিটিতে খেলছেন গত বছর থেকে। সিটিজেনদের জার্সিতে এরই মধ্যে এফএ কাপ, কারাবাও কাপ জিতেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত